ঢাকা | এপ্রিল ১৭, ২০২৬ - ১০:২১ অপরাহ্ন

শিরোনাম

কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়কে দাঁড়িয়ে থাকা ট্রাকে ঘোড়াবোঝাই পিকআপের ধাক্কায় দুইজন নিহত

  • আপডেট: Friday, April 17, 2026 - 2:31 pm

কুষ্টিয়া সংবাদদাতা।। কুষ্টিয়া সদর উপজেলার মহিষা ডাঙায় দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে ঘোড়াবোঝাই পিকআপের ধাক্কায় দুজন নিহত হয়েছেন। এঘটনায় আহত হয়েছেন তিনজন। এছাড়া পিকআপে থাকা তিনটি ঘোড়ার মৃত্যু হয়েছে।

আজ শুক্রবার (১৭ এপ্রিল) সকাল ৭টায় কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়কের মহিষা ডাঙায় দুর্ঘটনাটি ঘটে। হতাহত সবার বাড়ি নড়াইলে।

নিহত দুজন হলেন–ঘোড়া ব্যবসায়ী বিকাশ আলী (৪৫) ও ঘোড়া ব্যবসায়ী সাফায়েত হোসেন (৩৫)।

কুষ্টিয়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু ওবায়েদ বলেন, পাবনা থেকে পাঁচটি ঘোড়া কিনে পাঁচজন ব্যবসায়ী খুব সকালে পিকআপে করে নড়াইল যাওয়ার পথে কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়কের মহিষাডাঙা বাজারে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পেছনে সজোরে ধাক্কা দেয়। এতে পিকআপে থাকা ৫ ব্যবসায়ী গুরুতর আহত হন। তাদেরকে উদ্ধার করে কুষ্টিয়া আঁড়াইশ শয্যার জেনারেল হাসপাতালে নিলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন। এঘটনায় আরও তিন ব্যবসায়ী আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

তিনি আরো বলেন,  এই দুর্ঘটনায় পিকআপে থাকা তিনটি ঘোড়া মারা গেছে। বর্তমানে নিহতদের মরদেহ হাসপাতালের মর্গে রয়েছে।