যুক্তরাষ্ট্রকে বাইরে রেখে হরমুজ খুলতে যুক্তরাজ্য-ফ্রান্সের নেতৃত্বে ৪০ দেশের বৈঠক
আন্তর্জাতিক ডেস্ক।। ইরান-ইসরায়েল-যুক্তরাষ্ট্র যুদ্ধের প্রভাবে অবরুদ্ধ হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়ার লক্ষ্যে গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে।
আজ শুক্রবার (১৭ এপ্রিল) যুক্তরাজ্য ও ফ্রান্সের যৌথ সভাপতিত্বে আয়োজিত এই বৈঠকে বিশ্বের প্রায় ৪০টি দেশ অংশ নেবে। তবে এই সম্মেলনে যুক্তরাষ্ট্রকে রাখা হয়নি। খবর আলজাজিরার।
বার্তা সংস্থা রয়টার্স ও প্রেস অ্যাসোসিয়েশন (পিএ) জানিয়েছে, পারস্য উপসাগরীয় এই কৌশলগত জলপথে নৌ-চলাচলের পূর্ণ স্বাধীনতা নিশ্চিত করার জন্য আন্তর্জাতিক কূটনৈতিক সমর্থন জোরদার করাই এই সম্মেলনের মূল লক্ষ্য। হরমুজ প্রণালি বন্ধ থাকায় বিশ্বজুড়ে জ্বালানি সরবরাহে ভয়াবহ সংকট তৈরি হয়েছে। জ্বালানি সংকট থেকে উত্তরণের পথ খুঁজতেই এই বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে।
ফ্রান্সের প্রতিরক্ষামন্ত্রী ক্যাথরিন ভট্রিন টিএফ১ টেলিভিশনকে বলেন, বেলজিয়াম, নেদারল্যান্ডস ও ফ্রান্সসহ ইউরোপীয় দেশগুলোর মাইন অপসারণের সক্ষমতা রয়েেছ। যা হরমুজ প্রণালির নৌপথটি সুরক্ষিত করতে সাহায্য করতে পারে।
ক্যাথরিন ভট্রিন আরও বলেন, ইউরোপীয় দেশগুলো কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ এই জলপথ দিয়ে চলাচলকারী জাহাজগুলোর জন্য ‘পূর্ণাঙ্গ সহায়তামূলক প্রহরা পরিষেবা’ দিতে পারে। আজকের বৈঠকে প্রণালিটি পুনরায় খুলে দেওয়ার বিষয়টি নিয়ে আলোচনা হবে।
এদিকে ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার এই সম্মেলনে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন বলে আশা করা হচ্ছে। ধারণা করা হচ্ছে, তিনি হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়া এখন ‘বৈশ্বিক দায়িত্ব’ হিসেবে তুলে ধরবেন। যেহেতু বিশ্বের জ্বালানি তেলের একটি বড় অংশ এই পথ দিয়ে পরিবাহিত হয়, তাই এর স্থবিরতা সারা বিশ্বের অর্থনীতির জন্যই হুমকিস্বরূপ।
যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার প্রতিক্রিয়ায় গত ছয় সপ্তাহ ধরে হরমুজ প্রণালিতে নৌ-অবরোধ জারি রেখেছে ইরান। এর ফলে বিশ্ববাজারে তেলের দাম আকাশচুম্বী হয়েছে। ইউরোপসহ বিভিন্ন দেশে জ্বালানি সংকট দেখা দিয়েছে। এই পরিস্থিতিতে ওয়াশিংটনকে বাদ রেখে ইউরোপীয় শক্তিগুলোর এই আলাদা বৈঠককে আন্তর্জাতিক রাজনীতিতে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখছেন বিশ্লেষকরা।











