ঢাকা | জুলাই ১৩, ২০২৬ - ৬:০২ অপরাহ্ন

শিরোনাম

এবার কাপ্তাই লেকে পানির লেভেল ১০০ ফুট অতিক্রম, বিদ্যুৎ উৎপাদন ২০০ মেগাওয়াট ছাড়ালো

  • আপডেট: Monday, July 13, 2026 - 3:04 pm

কাপ্তাই (রাঙামাটি) প্রতিনিধি:

টানা এক সপ্তাহেরও বেশি সময় ধরে ভারী বর্ষণ ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে কাপ্তাই হ্রদের পানির স্তর দ্রুত বৃদ্ধি পেয়েছে। এর ফলে সোমবার (১৩ জুলাই) সকালে কাপ্তাই হ্রদের পানির লেভেল ১০০ ফুট মিন সি লেভেল অতিক্রম করেছে। একই সঙ্গে কাপ্তাই কর্ণফুলী পানি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের পাঁচটি ইউনিট থেকে বিদ্যুৎ উৎপাদনও ২০০ মেগাওয়াট ছাড়িয়েছে।

সোমবার (১৩ জুলাই) সকাল ১০টায় বিষয়টি নিশ্চিত করে কর্ণফুলী পানি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের ব্যবস্থাপক প্রকৌশলী মাহমুদ হাসান জানান, সকাল ৯টা পর্যন্ত কাপ্তাই হ্রদের পানির স্তর ছিল ১০০.৬০ ফুট মিন সি লেভেল। আগের দিন রোববার রাত পর্যন্ত পানির স্তর ছিল ৯৯.১৫ ফুট মিন সি লেভেল।

তিনি আরও জানান, সোমবার সকাল ৯টা পর্যন্ত কেন্দ্রের পাঁচটি ইউনিট থেকে মোট ২০৬ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হয়েছে, যা চলতি বছরের সর্বোচ্চ উৎপাদন। এর আগে গত বছরের নভেম্বর মাসে বিদ্যুৎ উৎপাদন ২০০ মেগাওয়াট অতিক্রম করলেও, পরবর্তীতে হ্রদে পানির স্বল্পতার কারণে গত বছরের ডিসেম্বর থেকে উৎপাদন ২০০ মেগাওয়াটের নিচে নেমে আসে।

এদিকে কাপ্তাই কর্ণফুলী পানি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের কন্ট্রোল রুমে দায়িত্বরত প্রকৌশলীরা জানান, সোমবার সকাল ৯টা পর্যন্ত ১, ৩, ৪ ও ৫ নম্বর ইউনিট থেকে প্রতিটিতে ৪০ মেগাওয়াট করে মোট ১৬০ মেগাওয়াট এবং ২ নম্বর ইউনিট থেকে ৪৬ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হচ্ছে। কেন্দ্রটির পাঁচটি ইউনিটের মোট বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা ২৪০ মেগাওয়াট।