ঢাকা | জুলাই ৬, ২০২৬ - ১১:২৯ পূর্বাহ্ন

শিরোনাম

৪ দিন ধরে সেন্টমার্টিন নৌপথে ট্রলার বন্ধ, চরম ভোগান্তিতে এইচএসসি পরীক্ষার্থীরা

  • আপডেট: Monday, July 6, 2026 - 9:46 am

বৈরী আবহাওয়া ও উত্তাল সাগরের কারণে টানা চার দিন ধরে সেন্টমার্টিন-টেকনাফ নৌপথে যাত্রীবাহী ট্রলার চলাচল বন্ধ রয়েছে। এতে দ্বীপবাসীর স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হওয়ার পাশাপাশি চরম দুর্ভোগে পড়েছেন চলমান এইচএসসি পরীক্ষার্থীরা।

 

গত বৃহস্পতিবার (২ জুলাই) থেকে আজ শনিবার (৫ জুলাই) পর্যন্ত টেকনাফ-সেন্টমার্টিন নৌপথে কোনো যাত্রীবাহী ট্রলার চলাচল করেনি। ফলে প্রয়োজনীয় কাজে যাতায়াত, চিকিৎসাসেবা গ্রহণ এবং নিত্যপ্রয়োজনীয় কার্যক্রমে নানা সংকটে পড়েছেন দ্বীপের বাসিন্দারা।

 

সেন্টমার্টিন ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ফয়েজুল ইসলাম বলেন, বৈরী আবহাওয়ার কারণে চার দিন ধরে ট্রলার চলাচল বন্ধ থাকায় দ্বীপবাসীর যাতায়াতে চরম দুর্ভোগ সৃষ্টি হয়েছে। তবে সবচেয়ে বেশি উদ্বেগে রয়েছে চলমান এইচএসসি পরীক্ষার্থীরা। আগামী ৬ জুলাই তাদের পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও নৌযান চলাচল বন্ধ থাকায় তারা নির্ধারিত পরীক্ষাকেন্দ্রে পৌঁছাতে পারবে কি না, তা নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে।

 

তিনি আরও জানান, এ বিষয়ে টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) সঙ্গে আলোচনা হয়েছে। পাশাপাশি শাহপরীর দ্বীপে অবস্থানরত কোস্ট গার্ডের একটি বড় ট্রলারের মাধ্যমে পরীক্ষার্থীদের টেকনাফে পৌঁছে দেওয়ার সম্ভাবনা নিয়েও কোস্ট গার্ডের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে।

 

এ বিষয়ে টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস. এম. অনীক চৌধুরী বলেন, বৈরী আবহাওয়ার কারণে টেকনাফ-সেন্টমার্টিন নৌপথে ট্রলার চলাচল বন্ধ রয়েছে। তবে সেন্টমার্টিনে অবস্থানরত এইচএসসি পরীক্ষার্থীদের বিষয়টি সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে জানানো হয়েছে। পরীক্ষার্থীদের পরীক্ষা নিশ্চিত করতে কী ব্যবস্থা নেওয়া হবে, সে বিষয়ে শিগগিরই সিদ্ধান্ত জানানো হবে।

 

এদিকে, আবহাওয়া অনুকূলে না আসা পর্যন্ত নৌযান চলাচল স্বাভাবিক হওয়ার সম্ভাবনা কম বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন। ফলে দ্বীপবাসী ও পরীক্ষার্থীদের উৎকণ্ঠা আরও বাড়ছে।