লামায় শিক্ষা প্রতিমন্ত্রীর নুনারবিল মডেল প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন
লামা (বান্দরবান)।।
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ এমপি বান্দরবানের লামা উপজেলার নুনারবিল মডেল প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করেছেন।
সোমবার (১১ মে) সকাল ৯টায় তিনি আকস্মিকভাবে বিদ্যালয়টি পরিদর্শনে আসেন। এসময় লামা উপজেলা পরিষদ চত্বরে পৌঁছালে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মঈন উদ্দিন, উপজেলা শিক্ষা কর্মকর্তা ও অন্যান্য কর্মকর্তারা প্রতিমন্ত্রীকে ফুলেল শুভেচ্ছা জানান।
পরে নুনারবিল মডেল প্রাথমিক বিদ্যালয়ের গেটে প্রধান শিক্ষক জাহেদ সরোয়ারসহ অন্যান্য শিক্ষক ও কোমলমতি শিক্ষার্থীরা প্রতিমন্ত্রীকে ফুল দিয়ে বরণ করে নেন।
পরিদর্শনকালে প্রতিমন্ত্রী কিছুক্ষণ বিদ্যালয়ের মেঝেতে বসে শিশু শিক্ষার্থীদের সঙ্গে গল্প করেন এবং তাদের মুখে বর্ণমালা শুনেন। তিনি বিদ্যালয়ের শিক্ষা কার্যক্রমে সন্তোষ প্রকাশ করেন।
এসময় প্রতিমন্ত্রী প্রাথমিক শিক্ষার গুণগত মানোন্নয়নে শিক্ষক ও শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় করেন এবং তাদের পরামর্শ শোনেন।
পরিদর্শনকালে উপস্থিত গণ্যমান্য ব্যক্তি ও সাংবাদিকরা প্রাথমিক শিক্ষা ব্যবস্থার উন্নয়নে কয়েকটি গুরুত্বপূর্ণ প্রস্তাব তুলে ধরেন। এর মধ্যে ছিল প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক নিয়োগ ও তদারকি পার্বত্য জেলা পরিষদের পরিবর্তে সরাসরি মন্ত্রণালয়ের অধীনে আনা, শিক্ষকদের দক্ষতা বৃদ্ধি এবং শিক্ষক সংকট নিরসন।
এসব প্রস্তাবের প্রতি উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মঈন উদ্দিনসহ অন্যরাও সমর্থন জানান। প্রতিমন্ত্রী বিষয়গুলো গুরুত্বসহকারে নোট করে নেন।
পরে শিক্ষকদের পক্ষ থেকে বিদ্যালয়ে বহুতল ভবন নির্মাণসহ কয়েকটি দাবি উত্থাপন করা হয়। জবাবে প্রতিমন্ত্রী সৃষ্ট পদে জনবল বৃদ্ধি, ছয়তলা ভবন নির্মাণ এবং একটি কম্পিউটার ল্যাব স্থাপনের আশ্বাস দেন।
পরিদর্শন শেষে প্রতিমন্ত্রী শিক্ষক ও শিশু শিক্ষার্থীদের সঙ্গে ফটোসেশনে অংশ নেন।











