ঢাকা | জুন ৭, ২০২৬ - ৯:০৯ অপরাহ্ন

শিরোনাম

মিরসরাইয়ে ট্রেন-পিকআপ সংঘর্ষ, রেল যোগাযোগ বন্ধ

  • আপডেট: Sunday, June 7, 2026 - 6:44 pm

মিরসরাই প্রতিনিধি।।

চট্টগ্রামের মিরসরাইয়ে বালুভর্তি একটি পিকআপের সঙ্গে সিলেটগামী পাহাড়িকা এক্সপ্রেস ট্রেনের সংঘর্ষের ঘটনায় ঢাকা-চট্টগ্রাম রুটে সাময়িকভাবে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

রবিবার (০৭ জুন) সকাল ৯টার দিকে উপজেলার জোরারগঞ্জ ইউনিয়নের সোনাপাহাড় মামা ফকির মাজার এলাকার রেলক্রসিংয়ে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, মামা ফকির মাজার ক্রসিং পার হওয়ার সময় বালুভর্তি একটি পিকআপ রেললাইনে আটকে পড়ে। এ সময় ট্রেনটি কাছে চলে আসলে পিকআপের চালক ও হেলপার দ্রুত নেমে নিরাপদে সরে যান। পরে চট্টগ্রাম থেকে ছেড়ে আসা সিলেটগামী পাহাড়িকা এক্সপ্রেস পিকআপটিকে সজোরে ধাক্কা দেয়। সংঘর্ষের পর ট্রেনটি পিকআপটিকে দুমড়েমুচড়ে প্রায় আধা কিলোমিটার দূর পর্যন্ত টেনে নিয়ে যায়।

ট্রেনের যাত্রী সাজ্জাদ হোসেন জানান, সকাল ৮টায় চট্টগ্রাম থেকে ট্রেনটি সিলেটের উদ্দেশ্যে যাত্রা করে। জোরারগঞ্জ এলাকায় পৌঁছানোর পর হঠাৎ বিকট শব্দে ট্রেনের ভেতরে আতঙ্ক ছড়িয়ে পড়ে। কিছু দূর গিয়ে ট্রেনটি থামলে যাত্রীরা দ্রুত নেমে পরিস্থিতি দেখার চেষ্টা করেন। তবে ট্রেনের কোনো যাত্রী আহত হননি।

চিনকি আস্তানা স্টেশনের স্টেশন মাস্টার সিরাজুল ইসলাম বলেন, সকাল আনুমানিক ৯টার দিকে পাহাড়িকা এক্সপ্রেসের সঙ্গে একটি বালুবাহী পিকআপের সংঘর্ষ হয়। এতে কোনো প্রাণহানি বা আহতের ঘটনা ঘটেনি। তবে পিকআপটি ট্রেনের সঙ্গে আটকে থাকায় তাৎক্ষণিকভাবে সরানো সম্ভব হয়নি। ফলে আপ ও ডাউন উভয় লাইনে ট্রেন চলাচল সাময়িকভাবে বন্ধ রয়েছে।

তিনি আরও বলেন, দুর্ঘটনাকবলিত পিকআপটি দ্রুত সরিয়ে রেল যোগাযোগ স্বাভাবিক করতে সংশ্লিষ্টরা কাজ করছেন।