ঢাকা | জুন ৭, ২০২৬ - ৮:২০ অপরাহ্ন

কাপ্তাইয়ে জেন্ডার বিষয়ক কর্মশালা ও অবহিতকরণ সভা অনুষ্ঠিত

  • আপডেট: Sunday, June 7, 2026 - 6:46 pm

কাপ্তাই (রাঙামাটি) প্রতিনিধি।

 

রাঙামাটির কাপ্তাইয়ে প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের অংশগ্রহণে জেন্ডার বিষয়ক কর্মশালা ও অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।

 

বেসরকারি উন্নয়ন সংস্থা হিল ফ্লাওয়ারের কম্প্রিহেনসিভ কমিউনিটি হেলথ প্রোগ্রামের আয়োজনে রবিবার (৭ জুন) সকাল ১১টায় কাপ্তাই কর্ণফুলী সরকারি কলেজ সংলগ্ন কর্ণফুলী রেস্টুরেন্টে এ কর্মশালা ও অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়। এতে কাপ্তাই, রাঙ্গুনিয়া, রাজস্থলী ও বিলাইছড়ি উপজেলার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা অংশগ্রহণ করেন।

 

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চন্দ্রঘোনা খ্রিস্টিয়ান হাসপাতালের পরিচালক ডা. প্রবীর খিয়াং। তিনি বলেন, “কম্প্রিহেনসিভ কমিউনিটি হেলথ প্রোগ্রামের মাধ্যমে দুর্গম অঞ্চলের মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়া হচ্ছে। এ কার্যক্রমের ফলে প্রান্তিক জনগোষ্ঠী সরাসরি উপকৃত হচ্ছে এবং স্বাস্থ্যসেবা গ্রহণে তাদের সচেতনতা বৃদ্ধি পাচ্ছে।”

 

হিল ফ্লাওয়ারের সহকারী কর্মসূচি ব্যবস্থাপক জেনিফার অজন্তা তনচংগ্যার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কাপ্তাই উপজেলা সমাজসেবা কর্মকর্তা নাজমুল হাসান এবং চন্দ্রঘোনা খ্রিস্টিয়ান হাসপাতালের কম্প্রিহেনসিভ কমিউনিটি হেলথ প্রোগ্রামের প্রোগ্রাম ম্যানেজার বিজয় মারমা।

 

এসময় বক্তব্য রাখেন কাপ্তাই প্রেসক্লাবের সভাপতি কবির হোসেন, রাজস্থলী প্রেসক্লাবের সভাপতি আজগর আলী খান, কাপ্তাই প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক আলমগীর কবির, রাঙ্গুনিয়া প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মাসুদ নাসির, রাঙ্গুনিয়া প্রেসক্লাবের সহ-সভাপতি আব্বাস উদ্দিন আফতাব, সদস্য জগলুল হুদা, বিলাইছড়ি প্রেসক্লাবের সুজন কান্তি তনচংগ্যা, ওয়াগ্গা ইউনিয়নের মাঠপর্যায়ের কর্মী ক্রোম্রাচিং মারমা এবং পপি তনচংগ্যা।

 

অনুষ্ঠানের শুরুতে প্রকল্পের বিভিন্ন কার্যক্রম, লক্ষ্য ও অর্জন বিষয়ে একটি প্রেজেন্টেশন উপস্থাপন করেন হিল ফ্লাওয়ারের ব্যবস্থাপক (অর্থ ও প্রশাসন) সনজিৎ তনচংগ্যা।

 

কর্মশালায় জেন্ডার সমতা, নারীর ক্ষমতায়ন, স্বাস্থ্যসেবা বিষয়ে সচেতনতা বৃদ্ধি এবং গণমাধ্যমের ইতিবাচক ভূমিকা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। বক্তারা সমাজে জেন্ডার সংবেদনশীলতা বৃদ্ধিতে গণমাধ্যমকর্মীদের আরও দায়িত্বশীল ভূমিকা পালনের ওপর গুরুত্বারোপ করেন।