মিরসরাইয়ে অপরাধ দমনে সুনির্দিষ্ট অভিযোগ চাইলেন নুরুল আমিন এমপি
মিরসরাই প্রতিনিধি।।
চট্টগ্রামের মিরসরাই উপজেলায় সাম্প্রতিক সময়ে চুরি, ডাকাতি, খুন, ধর্ষণ, মাদক ব্যবসা, দখলদারিত্ব এবং রাজনৈতিক গ্রুপিং বেড়ে যাওয়ার অভিযোগ উঠেছে। এসব ঘটনায় সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ ও নিরাপত্তাহীনতা বাড়ছে বলে জানিয়েছে স্থানীয়রা। এমন প্রেক্ষাপটে বিষয়টি আমলে নিয়েছেন স্থানীয় সংসদ সদস্য নুরুল আমিন।
বুধবার (৬ মে) সকালে তিনি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের ভেরিফায়েড পেজে একটি স্ট্যাটাস দিয়েছেন। সেখানে তিনি সুনির্দিষ্ট অভিযোগ ও তথ্য-প্রমাণ দেওয়ার আহ্বান জানান।
পোস্টে তিনি লেখেন, ‘সুনির্দিষ্ট ব্যক্তি ও প্রশাসনের কোনো কর্মকর্তার বিরুদ্ধে দুর্নীতি এবং অনিয়মের অভিযোগ থাকলে নির্ভুল তথ্য-প্রমাণাদি দিয়ে সহযোগিতা করার জন্য অনুরোধ করা হলো।’
সাংসদের এই আহ্বানকে ইতিবাচকভাবে দেখছেন সচেতন মহল। তাদের মতে, নির্ভরযোগ্য তথ্যের ভিত্তিতে ব্যবস্থা নেওয়া হলে অপরাধ দমনে কার্যকর ভূমিকা রাখা সম্ভব হবে।
উপজেলা কৃষকদলের আহ্বায়ক মো. আশরাফ উদ্দিন লিখেন, ‘আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসনের আরও সক্রিয় ভূমিকা প্রয়োজন। আপনার এমন উদ্যোগ দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণের মাধ্যমে অপরাধ নিয়ন্ত্রণে আনা সম্ভব।’
ফিরোজ খান নামের এক ব্যক্তি তার মন্তব্যে লিখেছেন, ‘দুর্নীতি ও অনিয়মের বিরুদ্ধে সত্য ও নির্ভুল তথ্যের ভিত্তিতে ব্যবস্থা গ্রহণে আমরা সাধারণ মানুষ সবসময় সহযোগিতা করতে প্রস্তুত।’
মোহাম্মদ আরাফাত লিখেন, ‘এটি সময়োপযোগী ও প্রশংসনীয় উদ্যোগ। পরিপূর্ণ কার্যকর হলে স্বপ্নের মিরসরাই গড়তে অনেকটাই সহজ হবে।’
স্থানীয়দের দাবি, সাম্প্রতিক সময়ে এলাকায় মাদক কারবার ও চুরি-ডাকাতির ঘটনা বেড়েছে। পাশাপাশি রাজনৈতিক গ্রুপিংয়ের কারণে বিভিন্ন সময় উত্তেজনা ও সংঘর্ষের ঘটনাও ঘটছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসনের আরও সক্রিয় ভূমিকা প্রয়োজন বলে মনে করছেন তারা।
এ বিষয়ে সংসদ সদস্য নুরুল আমিন বলেন, ‘আমরা দুর্নীতি, মাদক, সন্ত্রাস ও বৈষম্যমুক্ত মিরসরাই গড়তে চাই। এক্ষেত্রে সুনির্দিষ্ট ব্যক্তি ও প্রশাসনের কোনো কর্মকর্তার বিরুদ্ধে দুর্নীতি এবং অনিয়মের অভিযোগ প্রমাণিত হলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’











