ঢাকা | এপ্রিল ৩০, ২০২৬ - ১২:৪৬ অপরাহ্ন

শিরোনাম

মহালছড়িতে সেনাবাহিনীর উদ্যোগে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ

  • আপডেট: Thursday, April 30, 2026 - 11:11 am

কাউছারুল ইসলাম, মহালছড়ি।।

খাগড়াছড়ি পার্বত্য জেলার মহালছড়িতে অসহায় ও দুস্থদের মাঝে বিনামূল্যে চিকিৎসা সেবা ও প্রয়োজনীয় ওষুধ বিতরণ করেছে বাংলাদেশ সেনাবাহিনী।

বুধবার (২৯ এপ্রিল) মহালছড়ি সেনা জোনের আওতাধীন জেলা সদরের কমলছড়ি এলাকার হেডম্যানপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দিনব্যাপী এ কার্যক্রম পরিচালনা করা হয়।

পাহাড়ের দুর্গম এলাকায় স্বাস্থ্যসেবার সীমাবদ্ধতার কথা বিবেচনায় রেখে আয়োজিত এ বিশেষ মেডিকেল ক্যাম্পে তিন শতাধিকের বেশি মানুষকে চিকিৎসা সেবা দেওয়া হয়। এতে শিশু, নারী ও বয়স্ক রোগীদের জন্য পৃথকভাবে চিকিৎসা ব্যবস্থা রাখা হয়।

সাধারণ জ্বর, সর্দি-কাশি, চর্মরোগ, গ্যাস্ট্রিক, উচ্চ রক্তচাপসহ নানা রোগের চিকিৎসা প্রদান করা হয় এবং প্রয়োজন অনুযায়ী বিনামূল্যে ওষুধ বিতরণ করা হয়।

মহালছড়ি জোনের আরএমও ক্যাপ্টেন বোরহান উদ্দিন বায়েজীদ বলেন, দুর্গম পাহাড়ি অঞ্চলের মানুষ যাতে সহজে চিকিৎসা সেবা পায়, সেই লক্ষ্যেই সেনাবাহিনীর পক্ষ থেকে নিয়মিতভাবে এ ধরনের বিনামূল্যে মেডিকেল ক্যাম্প আয়োজন করা হচ্ছে। ভবিষ্যতেও এ কার্যক্রম অব্যাহত থাকবে।

৫ ফিল্ড অ্যাম্বুলেন্সের আরএমও ক্যাপ্টেন লাবনী জামান বলেন, অনেক রোগী দীর্ঘদিন চিকিৎসার বাইরে ছিলেন। এই ক্যাম্পের মাধ্যমে তারা প্রাথমিক চিকিৎসা ও প্রয়োজনীয় পরামর্শ পাচ্ছেন, যা তাদের জন্য খুবই উপকারী।

চিকিৎসা নিতে আসা স্থানীয় বাসিন্দা অনুরা চাকমা বলেন, আমাদের এলাকায় ভালো চিকিৎসার সুযোগ কম। আজ এখানে এসে ডাক্তার দেখাতে পেরে খুব উপকার হয়েছে, সঙ্গে ওষুধও পেয়েছি।

স্থানীয়রা জানান, এ ধরনের মানবিক উদ্যোগ পাহাড়ি এলাকার জনসাধারণের মাঝে স্বস্তি এনে দিয়েছে এবং সেনাবাহিনীর প্রতি তাদের আস্থা আরও বৃদ্ধি করেছে।