ঢাকা | জুন ২৩, ২০২৬ - ৮:৩১ অপরাহ্ন

শিরোনাম

মনিপুর স্কুল ও কলেজের গভর্নিংবডির সভাপতি সাংবাদিক হামিদুল হক মানিক

  • আপডেট: Tuesday, June 23, 2026 - 5:51 pm

ডেস্ক রিপোর্ট।। সাংবাদিক হামিদুল হক মানিককে সভাপতি করে রাজধানীর ঐতিহ্যবাহী মনিপুর উচ্চ বিদ্যালয় ও কলেজের ৮ সদস্য বিশিষ্ট গভর্নিংবডি গঠন করেছে শিক্ষা মন্ত্রণালয়।

বিজ্ঞপ্তি অনুযায়ী, বর্তমান এডহক কমিটি বিলুপ্ত করে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের (গভর্নিংবডি ও ম্যানেজিং কমিটি) গঠন প্রবিধানমালা ২০২৪ এর ৬৭ ধারা মোতাবেক তাকে এ নিয়োগ দেওয়া হয়।

কমিটির সদস্যরা হলেন- সভাপতি ম. হামিদুল হক মানিক, সদস্য- পরিচালক, পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তর, উপ-সচিব (বেসরকারি মাধ্যমিক-৩), মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ, পরিচালক (মাধ্যমিক)/মহাপরিচালক, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের প্রতিনিধি, পরিদর্শক (বিদ্যালয়)/চেয়ারম্যান, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড, ঢাকার প্রতিনিধি, শামীমা আহমেদ (শিক্ষক প্রতিনিধি), মো. শাকিল মোল্লা (অভিভাবক প্রতিনিধি), মো. সিরাজুল ইসলাম প্রধান শিক্ষক।

বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, এই কমিটির মেয়াদ দায়িত্ব নেয়ার সময় থেকে ২ বছর কার্যকর থাকবে।

এর আগে প্রতিষ্ঠানটিতে তদারকি জোরদার এবং অনিয়ম–দুর্নীতি রোধে বিশেষ কমিটি গঠনের সিদ্ধান্ত নেয় শিক্ষা মন্ত্রণালয়। গত ১১ জুন শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব আবদুল খালেকের সভাপতিত্বে অনুষ্ঠিত এক সভায় এ বিষয়ে সিদ্ধান্ত হয়।

সেই সিদ্ধান্ত অনুযায়ী, মনিপুর উচ্চ বিদ্যালয়ের সার্বিক প্রশাসনিক কার্যক্রমে নজরদারি ও উন্নয়ন কার্যক্রম তদারকির জন্য দুই বছর মেয়াদি বিশেষ কমিটি গঠনের উদ্যোগ নেওয়া হয়। একইসঙ্গে প্রতিষ্ঠানটির মূল শাখা ছাড়া বাকি পাঁচটি শাখার প্রধান হিসেবে শিক্ষা ক্যাডারের পাঁচজন কর্মকর্তাকে নিয়োগ দেওয়ার সিদ্ধান্তও নেওয়া হয়। তারা সংশ্লিষ্ট শাখাগুলোর প্রশাসনিক কার্যক্রম তদারকি করবেন।

শিক্ষা মন্ত্রণালয়ের একটি সূত্র জানিয়েছিল, গত ১৭ মে মনিপুর উচ্চ বিদ্যালয় ও কলেজের বিভিন্ন অনিয়ম নিয়ে পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তর একটি প্রতিবেদন মন্ত্রণালয়ে জমা দেয়। ওই প্রতিবেদনের পরিপ্রেক্ষিতেই প্রতিষ্ঠানটির তদারকি জোরদার এবং প্রশাসনিক ব্যবস্থাপনায় পরিবর্তন আনার উদ্যোগ নেওয়া হয়।