ঢাকা | জুন ১৫, ২০২৬ - ৬:৩৪ অপরাহ্ন

শিরোনাম

হল ছাড়লেন জাকসুর জিএস, সময় চাইলেন ভিপি

  • আপডেট: Monday, June 15, 2026 - 5:03 pm

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক।। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু)-এর সহ-সভাপতি (ভিপি) আব্দুর রশিদ জিতু এবং সাধারণ সম্পাদক (জিএস) মাজহারুল ইসলামের ছাত্রত্ব শেষ হয়েছে। এরপরই বিশ্ববিদ্যালয়ের আবাসিক হল ছেড়েছেন জিএস। তবে হল ছাড়ার জন্য প্রশাসনের কাছে অতিরিক্ত সময় চেয়েছেন ভিপি।‌

সোমবার (১৫ জুন) বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের সিনেট হলে আয়োজিত এক আলোচনা সভায় তারা এ তথ্য জানান।

এসময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের দুই উপ-উপাচার্য, ট্রেজারার অধ্যাপক আব্দুর রব, আবাসিক হলের প্রভোস্টরা, রেজিস্ট্রার, জাকসু ও হল সংসদ, ছাত্র সংগঠনের নেতারা।

জাকসুর জিএস মাজহারুল ইসলাম বলেন, বিশ্ববিদ্যালয় নিয়ম অনুযায়ী আমি আমার পরীক্ষার সাত দিনের মধ্যে হল ছেড়েছি এবং আমার রুমে অন্য শিক্ষার্থীদের অ্যালট দেওয়া হয়েছে।

জাকসুর ভিপি আব্দুর রশিদ জিতু বলেন, আমি দেশের বাইরে ছিলাম। আমার একটু প্রস্তুতির বিষয় আছে। আমি একটি বাসা নিয়ে দ্রুত সময়ে হল ছেড়ে দেবো।

এসময় উপস্থিত শাখা ছাত্রদলের আহ্বায়ক জহির উদ্দিন মোহাম্মদ বাবর বলেন, জাকসুর জিএস হল ছেড়ে এক দৃষ্টান্ত স্থাপন করেছে। আমরা আশা করবো আগামী সাত দিনের মধ্যে ভিপিও যেন হল ছেড়ে একই নজির স্থাপন করেন।

শাখা ছাত্র শিবিরের সভাপতি মোস্তাফিজুর রহমান বলেন, জাকসুর ভিপি আব্দুর রশিদ জিতুর ছাত্রত্ব শেষ, তাই তিনি হলে অবস্থান করতে পারেন না। অতি দ্রুতই তার হল ছেড়ে দেওয়া উচিত।

বিশ্ববিদ্যালয় উপ-উপাচার্য অধ্যাপক নজরুল ইসলাম বলেন, মেয়াদোত্তীর্ণ শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয় নিয়ম অনুযায়ী অবশ্যই আবাসিক হল ছাড়তে হবে। রাজনৈতিক পরিচয়েও থাকার সুযোগ নেই। জাকসু ভিপির বিরুদ্ধে আলোচনা সাপেক্ষে সিদ্ধান্ত গ্রহণ করা হবে।