ঢাকা | জুলাই ২৪, ২০২৬ - ৯:৩৪ অপরাহ্ন

শিরোনাম

ভারপ্রাপ্ত স্পিকারের দায়িত্বে ব্যারিস্টার কায়সার কামাল

  • আপডেট: Friday, July 24, 2026 - 7:55 pm

ডেস্ক রিপোর্ট।। রাষ্ট্রপতি পদ থেকে মো. সাহাবুদ্দিন পদত্যাগ করার পর স্পিকার হাফিজ উদ্দিন আহমদ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করেছেন। ফলে সাংবিধানিক নিয়ম অনুযায়ী জাতীয় সংসদের ভারপ্রাপ্ত স্পিকার হিসেবে দায়িত্ব পালন করবেন ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল।

আজ শুক্রবার (২৪ জুলাই) বিকেলে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়। এর আগে দুপুরে স্পিকারের কাছে গুরুতর শারীরিক অসুস্থতার কথা জানিয়ে নিজের পদত্যাগপত্র জমা দেন দেশের ২২তম রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।

সংবাদ সম্মেলনে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বলেন, ‘রাষ্ট্রপতির পদত্যাগপত্র গ্রহণ করা হয়েছে। যেদিন আমি স্পিকার হিসেবে শপথ নিয়েছিলাম, সেদিনই প্রয়োজন হলে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব পালনের শপথও নেওয়া হয়েছিল। একইভাবে ডেপুটি স্পিকারের শপথের বিধিতে উল্লেখ রয়েছে—কোনো কারণে স্পিকারের পদ শূন্য হলে বা স্পিকার রাষ্ট্রপতির দায়িত্বে গেলে ডেপুটি স্পিকারই স্পিকারের দায়িত্ব পালন করবেন।’

হাফিজ উদ্দিন জানান, সেই সাংবিধানিক ধারাবাহিকতায় ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল এখন থেকে জাতীয় সংসদের স্পিকারের দায়িত্ব পালন করবেন।

রাষ্ট্রপতির পদত্যাগ প্রসঙ্গে স্পিকার বলেন, ‘শারীরিক অসুস্থতার কারণেই রাষ্ট্রপতি পদত্যাগ করেছেন। তিনি নিজের পদত্যাগপত্রে বিস্তারিত অসুস্থতার কথা লিখিতভাবে জানিয়েছেন। সেখানে উল্লেখ করা হয়েছে, অসুস্থতার দরুন তিনি মাঝে মাঝে অচেতন হয়ে পড়েন। তাই এ বিষয়ে আলাদা কোনো চিকিৎসকের সনদের প্রয়োজন নেই।’

তিনি আরও বলেন, রাষ্ট্রপতির পদত্যাগের মধ্য দিয়ে এ সংক্রান্ত যাবতীয় ধোঁয়াশা কেটে গেছে। দেশের সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতির পদ কখনো শূন্য থাকে না এবং নিয়মতান্ত্রিক প্রক্রিয়াতেই সার্বিক দায়িত্ব বণ্টন সম্পন্ন হয়েছে।