ঢাকা | মে ১৭, ২০২৬ - ৮:২৯ অপরাহ্ন

শিরোনাম

বান্দরবানের বাঘমারা বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড

  • আপডেট: Sunday, May 17, 2026 - 6:58 pm

বান্দরবান প্রতিনিধি।।

বান্দরবান সদর উপজেলার জামছড়ি ইউনিয়নের বাঘমারা বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রায় ৪৭টি দোকানপাট ও বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। এতে অন্তত দুই কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা করছেন স্থানীয়রা।

শনিবার (১৭ মে) ভোর ৪টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা গেছে, গভীর রাতে হঠাৎ বাজার এলাকায় আগুন দেখতে পান স্থানীয়রা। পরে মসজিদের মাইকে ঘোষণা দেওয়া হলে আশপাশের লোকজন দ্রুত ঘটনাস্থলে ছুটে গিয়ে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালান। তবে অধিকাংশ দোকান ও বসতঘরে দাহ্যসামগ্রী থাকায় মুহূর্তেই আগুন চারদিকে ছড়িয়ে পড়ে।

খবর পেয়ে বান্দরবান ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় তিন ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। কিন্তু ততক্ষণে বাজারের প্রায় ৪৭টি দোকানপাট ও আশপাশের কয়েকটি বসতঘর সম্পূর্ণ পুড়ে যায়।

অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা জানান, দোকানের মালামালসহ সবকিছু আগুনে পুড়ে যাওয়ায় তারা নিঃস্ব হয়ে পড়েছেন। দ্রুত সরকারি সহায়তার দাবি জানিয়েছেন তারা।

জামছড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ক্য সিং শৈ মারমা জানান, বাজারের পেছনের একটি দোকানে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। পরে তা দ্রুত আশপাশে ছড়িয়ে পড়ে।

ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের বান্দরবান স্টেশনের সহকারী পরিচালক (ভারপ্রাপ্ত) আব্দুল মান্নান আনসারী বলেন, দুর্গম এলাকা হওয়ায় আগুন নিয়ন্ত্রণে আনতে কিছুটা বেগ পেতে হয়েছে। তদন্তের পর আগুন লাগার প্রকৃত কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যাবে।

উল্লেখ্য, এর আগে ২০২২ সালের ৮ ফেব্রুয়ারি একই বাঘমারা বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৩টি দোকান ও দুটি বসতবাড়ি পুড়ে গিয়েছিল।