বান্দরবানে র্যাবের মাদকবিরোধী অভিযানে ৯৬ পিস ইয়াবাসহ আটক ১
নিজস্ব প্রতিনিধি, বান্দরবান:
বান্দরবানে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-১৫ এর মাদকবিরোধী অভিযানে ৯৬ পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। সোমবার (১১ মে) র্যাব-১৫, কক্সবাজারের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, মাদকমুক্ত বাংলাদেশ গড়ার লক্ষ্যে চলমান অভিযানের অংশ হিসেবে র্যাব-১৫ এর সিপিসি-৩, বান্দরবান ক্যাম্পের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে গত ১০ মে বিকেলে বান্দরবান সদর থানাধীন লেমুজেরী মুসলিম পাড়া এলাকায় অভিযান পরিচালনা করে।
র্যাব জানতে পারে, ওই এলাকায় এক ব্যক্তি মাদক বিক্রির উদ্দেশ্যে অবস্থান করছে। তথ্যের ভিত্তিতে বিকেল আনুমানিক ৫টা ১৫ মিনিটে অভিযান চালানো হলে র্যাবের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করেন মো. হুমায়ুন কবির (২৮)। এ সময় তাকে আটক করা হয়।
পরে উপস্থিত লোকজনের সামনে দেহ তল্লাশি চালিয়ে তার কাছ থেকে ৯৬ পিস ইয়াবা উদ্ধার করা হয়। আটক হুমায়ুন কবির বান্দরবান সদর উপজেলার বালাঘাটা এলাকার মৃত আব্দুল গফুরের ছেলে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি দীর্ঘদিন ধরে বান্দরবানের বিভিন্ন এলাকায় মাদক কেনাবেচার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন বলে জানিয়েছে র্যাব।
উদ্ধারকৃত ইয়াবাসহ আটক ব্যক্তিকে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য বান্দরবান সদর থানায় হস্তান্তর করা হয়েছে।
র্যাব জানিয়েছে, মাদকের বিরুদ্ধে তাদের কঠোর অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।











