বান্দরবানে পিআইবির তিন দিনব্যাপী মাল্টিমিডিয়া জার্নালিজম প্রশিক্ষণ শুরু
বান্দরবান প্রতিনিধি।।
প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি) আয়োজিত বান্দরবান জেলার সাংবাদিকদের জন্য তিন দিনব্যাপী “মাল্টিমিডিয়া জার্নালিজম” বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা মঙ্গলবার (১২ মে) শুরু হয়েছে।
বান্দরবান প্রেস ক্লাব অডিটোরিয়ামে আয়োজিত এ প্রশিক্ষণের উদ্বোধন করেন পিআইবির মহাপরিচালক ফারুক ওয়াসিফ। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান জেলার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট এস এম হাসান। প্রশিক্ষণ কার্যক্রম সমন্বয় করেন পিআইবির প্রশিক্ষক সাহানোয়ার সাইদ শাহীন।
উদ্বোধনী বক্তব্যে পিআইবির মহাপরিচালক ফারুক ওয়াসিফ বলেন, মানুষ তাদের নিজেদের কথা শুনতে চায় এবং গণমাধ্যমের দায়িত্ব হচ্ছে সেই কথাগুলো তুলে ধরা। তিনি বলেন, স্থানীয় পর্যায়ের সাংবাদিকদের অলরাউন্ডারের ভূমিকা পালন করতে হয়। সমাজের পর্যবেক্ষক ও জীবনীকার হিসেবে দায়িত্ব পালনে সাংবাদিকদের নতুন প্রযুক্তি ও উদ্ভাবনী কৌশল ব্যবহারে দক্ষ হতে হবে।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বান্দরবান পার্বত্য জেলা তথ্য অফিসার মোহাম্মদ আনোয়ার হোসেন, বান্দরবান প্রেস ক্লাবের সভাপতি আমিনুল হক বাচ্চু এবং প্রশিক্ষক সাফাত রহমান। এতে জেলা ও উপজেলা পর্যায়ের ৩৫ জন সাংবাদিক অংশ নেন।
আগামী ১৪ মে বৃহস্পতিবার প্রশিক্ষণ শেষ হবে। সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে বান্দরবান জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. সানিউল ফেরদৌস।
প্রশিক্ষণে মাল্টিমিডিয়া জার্নালিজমের ধরন, কৌশল ও বিভিন্ন ধাপ নিয়ে বিস্তারিত আলোচনা করা হচ্ছে। পাশাপাশি সংবাদ সংগ্রহ ও সোর্স ব্যবস্থাপনার ক্ষেত্রে অনুসরণীয় বিষয়, সমসাময়িক চ্যালেঞ্জ ও তা মোকাবিলার উপায় সম্পর্কেও অংশগ্রহণকারীদের ধারণা দেওয়া হচ্ছে।
এছাড়া সাংবাদিকতায় কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহারের কৌশল, প্রম্পট ইঞ্জিনিয়ারিং, ডিপফেক অডিও-ভিডিও ও লেখা যাচাইয়ের পদ্ধতি এবং সাংবাদিকতার নীতিমালা ও দায়িত্ব-কর্তব্য সম্পর্কেও প্রশিক্ষণ প্রদান করা হচ্ছে।









