বাউফলে পুকুরে গোসল করতে নেমে স্কুলছাত্রের মৃত্যু
মো. রিয়াজ, বাউফল।। পটুয়াখালীর বাউফল পৌরসভার বালিকা বিদ্যালয়ের বড় পুকুরে গোসল করতে নেমে মো. জিহাদ (১২) নামে এক স্কুলছাত্রের মর্মান্তিক মৃত্যু হয়েছে।
আজ বৃহস্পতিবার (১৮ জুন) বেলা সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে। নিহত জিহাদ বাউফল পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের বাসিন্দা ইলিয়াসের ছেলে। সে বাউফল সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী ছিল।
স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরের দিকে জিহাদ কয়েকজন সহপাঠীর সঙ্গে বাউফল বালিকা বিদ্যালয়ের বড় পুকুরে গোসল করতে নামে,একপর্যায়ে সে পানিতে তলিয়ে যায়।
সহপাঠীরা তাকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করে, এক পর্যায়ে তাকে পানি থেকে উদ্ধার করে দ্রুত বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেএ নিয়ে যায়। হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক জিহাদকে মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে বাউফল থানার ওসি সিরাজুল ইসলাম বলেছেন, ‘পরিবারের পক্ষ থেকে কোনো ধরনের আপত্তি না থাকায় থানায় একটি ইউডি মামলা করা হয়েছে।’










