রাজবাড়ীতে পাঠক্ষেত থেকে জামায়াত কর্মীর দগ্ধ মরদেহ উদ্ধার
রাজবাড়ী প্রতিনিধি।। রাজবাড়ীর কালুখালী উপজেলার বিলমানুষমারি গ্রামে নিখোঁজ আসাদুল ইসলামের (২৫) দগ্ধ মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তিনি জামায়াতে ইসলামীর একজন সক্রিয় কর্মী।
আজ সোমবার সকাল সাড়ে ৭টার দিকে মদাপুর ইউনিয়নের সূর্যদিয়া মাদরাসার পাশের একটি পাটক্ষেত থেকে হাত-পা বাঁধা অবস্থায় তার মরদেহ উদ্ধার করা হয়। এর আগে রোববার দুপুরে তিনি বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হন এবং রাতে পরিবার থানায় জানায়।
পুলিশের ধারণা, তাকে হত্যার পর মরদেহ আগুন দিয়ে পুড়িয়ে ফেলার চেষ্টা করা হয়েছে। ঘটনাটি এলাকায় চাঞ্চল্য সৃষ্টি করেছে। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে এবং তদন্ত চলছে।
আসাদুল ইসলাম বিলমানুষমারি গ্রামের শাহজাহান মণ্ডলের ছেলে। সে মীর মশাররফ হোসেন সরকারি ডিগ্রি কলেজের শিক্ষার্থী ও জামায়াতে ইসলামীর সক্রিয় কর্মী বলে দাবি করেছেন জেলা জামায়াতে ইসলামীর আমির অ্যাডভোকেট মো. নূরুল ইসলাম।
তিনি বলেন, আসাদুল কালুখালী জামায়াতে ইসলামীর সক্রিয় একজন কর্মী ছিলেন। গতকাল বিকেলে সোনাপুর হাটে যাওয়ার পর থেকেই তিনি নিখোঁজ ছিলেন। পরে তার পরিবারের পক্ষ থেকে থানায় অবহিত করা হয়। আজ সকালে একটি পাটখেত থেকে মরদেহ উদ্ধার করে পুলিশ। ঘটনাটি নিয়ে আমরা খুব উদ্বিগ্ন।
জানা গেছে, রোববার দুপুরে বাড়ি থেকে বের হয় আসাদুল ইসলাম। পরিবারের লোকজন তাকে খোঁজাখুঁজি করে সন্ধান না পেয়ে রাত ১০টার দিকে স্থানীয় থানা পুলিশকে নিখোঁজের বিষয়টি অবগত করেন। সোমবার সকাল সাড়ে ৭টার দিকে স্থানীয়দের সংবাদের ভিত্তিতে মরদেহ উদ্ধার করে পুলিশ।
পাংশা সার্কেলের সহকারী পুলিশ সুপার দেবব্রত সরকার বলেন, সকালে পাটখেতে থেকে নিখোঁজ হওয়া আসাদুল ইসলামের মরদেহ উদ্ধার করে পুলিশ। আসাদুলকে হত্যার পর পুড়িয়ে ফেলার চেষ্টা করা হয়েছে। আসাদুলের মরদেহ মর্গে পাঠানো হয়েছে।











