নওমুসলিম ওমর ফারুক ত্রিপুরার ৫ম শাহাদাত বার্ষিকীতে রাঙামাটিতে পিসিসিপির শোকসভা ও দোয়া মাহফিল
রাঙামাটি প্রতিনিধি:
বান্দরবানের রোয়াংছড়িতে হত্যাকাণ্ডের শিকার নওমুসলিম ওমর ফারুক ত্রিপুরার ৫ম শাহাদাত বার্ষিকী উপলক্ষে রাঙামাটিতে শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকেলে শহরের কাঁঠালতলী দারুস সালাম মাদ্রাসায় পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদ (পিসিসিপি) রাঙামাটি জেলা শাখার উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পিসিসিপি রাঙামাটি জেলা শাখার সভাপতি তাজুল ইসলাম তাজ। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংগঠনের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ সদস্য মো. হাবীব আজম। এছাড়াও উপস্থিত ছিলেন জেলা শাখার সহ-সাধারণ সম্পাদক মো. নিশান চৌধুরী, সহ-সাংগঠনিক সম্পাদক ওমর ফারুক রিমন, সদস্য কাউসার উদ্দিন, তামিমসহ স্থানীয় নেতৃবৃন্দ।
বক্তারা তাদের বক্তব্যে বলেন, ২০২১ সালের ১৮ জুন বান্দরবানের রোয়াংছড়ি উপজেলার তুলাছড়ি পাড়া জামে মসজিদের ইমাম ও নওমুসলিম ওমর ফারুক ত্রিপুরা হত্যাকাণ্ডের পাঁচ বছর পেরিয়ে গেলেও মামলার দৃশ্যমান অগ্রগতি নেই এবং অধিকাংশ আসামি এখনো গ্রেফতারের বাইরে রয়েছে বলে তারা দাবি করেন। একই সঙ্গে নিহতের পরিবার এখন পর্যন্ত সরকারি সহায়তা না পাওয়ার বিষয়েও উদ্বেগ প্রকাশ করা হয়।
সভায় বক্তারা আরও দাবি করেন, পার্বত্য অঞ্চলে সক্রিয় সশস্ত্র গোষ্ঠীগুলোর কারণে সাধারণ জনগণ ও নওমুসলিম পরিবারগুলো নিরাপত্তাহীনতায় রয়েছে। বিশেষ করে রোয়াংছড়ির তুলাছড়ি পাড়ার নওমুসলিম পরিবারগুলোর নিরাপত্তা নিশ্চিত করার জন্য প্রশাসনের প্রতি আহ্বান জানানো হয়।
এ সময় পিসিসিপির পক্ষ থেকে প্রশাসনের কাছে পাহাড়ে বিভিন্ন সময়ে সংঘটিত হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানানো হয়। পাশাপাশি পার্বত্য অঞ্চলে আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়ন ও শান্তি প্রতিষ্ঠায় কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানানো হয়।
অনুষ্ঠান শেষে শহীদ ওমর ফারুক ত্রিপুরার রুহের মাগফিরাত এবং দেশের শান্তি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন কাঁঠালতলী দারুস সালাম মাদ্রাসা ও এতিমখানার প্রতিষ্ঠাতা পরিচালক মুফতি শামসুল আলম। এতে পিসিসিপির জেলা ও স্থানীয় পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন।











