ঢাকা | এপ্রিল ২৬, ২০২৬ - ১০:৫৬ অপরাহ্ন

শিরোনাম

বরকলে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত

  • আপডেট: Sunday, April 26, 2026 - 7:55 pm

বরকল (রাঙামাটি) প্রতিনিধি।

রাঙামাটির বরকলে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে “প্রোগ্রাম অন এগ্রিকালচারাল অ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন, এন্টারপ্রেনরশিপ অ্যান্ড রেসিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার)” প্রকল্পের আওতায় পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২৬ এপ্রিল) উপজেলা পরিষদ মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।

কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোঃ রেজাউল করিমের সঞ্চালনায় এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা অতনু বড়ুয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙামাটি পার্বত্য জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মোঃ মনিরুজ্জামান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত উপপরিচালক অরুণ চন্দ্র রায়, পার্টনার প্রকল্পের সিনিয়র মনিটরিং অফিসার মোঃ শাহরিয়াজ বিশ্বাস, উপজেলা কৃষি কর্মকর্তা রিপন চন্দ্র ভদ্র এবং উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোঃ রেজাউল করিম।

উপজেলা কৃষি কর্মকর্তা রিপন চন্দ্র ভদ্র স্বাগত বক্তব্যে উপজেলার সামগ্রিক কৃষি পরিস্থিতি তুলে ধরেন। প্রধান অতিথির বক্তব্যে মোঃ মনিরুজ্জামান বলেন, কৃষি খাতকে সরকার সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে। খাদ্য নিরাপত্তা, নিরাপদ খাদ্য এবং বাণিজ্যিক কৃষির ওপর গুরুত্ব দিয়ে কৃষকদের সব ধরনের সহায়তা প্রদান করা হবে। তিনি আধুনিক কৃষিযন্ত্র ও উচ্চ ফলনশীল বীজ ব্যবহারের পরামর্শ দেন।

পার্টনার ফিল্ডের আওতায় ৭০ জন প্রান্তিক কৃষক-কৃষাণীসহ উপজেলার কৃষকদের উন্মুক্ত আলোচনায় অংশগ্রহণের সুযোগ দেওয়া হয়। এ সময় তারা বিভিন্ন সমস্যা তুলে ধরেন এবং সংশ্লিষ্টরা তা সমাধানে সহযোগিতার আশ্বাস দেন।

সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা অতনু বড়ুয়া বলেন, কৃষি সংক্রান্ত যেকোনো সমস্যা জানালে প্রশাসনের পক্ষ থেকে সর্বোচ্চ সহযোগিতা করা হবে। তিনি বৈশ্বিক জ্বালানি সংকটের বিষয়েও গুরুত্বারোপ করেন।

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন সুবিমল চাকমা, নিলাময় চাকমা ও মোঃ নজরুল ইসলামসহ স্থানীয় জনপ্রতিনিধি ও কৃষক-কৃষাণীরা।