ঢাকা | জুন ৬, ২০২৬ - ১১:২৫ অপরাহ্ন

শিরোনাম

প্রত্যন্ত পাহাড়ি জনপদে মানবিক সহায়তা প্রদান করল রুমা সেনা জোন

  • আপডেট: Saturday, June 6, 2026 - 9:25 pm

রুমা (বান্দরবান) প্রতিনিধি:

 

“সবার জন্য সেনাবাহিনী” এই মূলমন্ত্রে উদ্বুদ্ধ হয়ে বাংলাদেশ সেনাবাহিনী পার্বত্য অঞ্চলের শান্তি, সম্প্রীতি ও জনকল্যাণে দীর্ঘদিন ধরে কাজ করে আসছে। এরই ধারাবাহিকতায় ২৪ পদাতিক ডিভিশনের জিওসি মহোদয়ের নির্দেশক্রমে বান্দরবানের রুমা উপজেলার দুর্গম ও প্রত্যন্ত এলাকার পাড়াবাসী এবং শিক্ষার্থীদের জন্য বিভিন্ন মানবিক ও শিক্ষা সহায়তা কার্যক্রম পরিচালনা করেছে রুমা জোন (৩৬ বীর)।

 

শুক্রবার (৬ জুন) রুমা জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মেহেদী হাসান সরকার, এসবিপি, পিএসসি-এর সার্বিক তত্ত্বাবধানে রাইংখিয়াং পুকুর আর্মি ক্যাম্পের আওতাধীন বিভিন্ন পাড়ায় প্রয়োজনীয় শিক্ষা উপকরণ, সৌরবিদ্যুৎ ব্যবস্থা এবং নিত্যপ্রয়োজনীয় সামগ্রী বিতরণ করা হয়।

 

সহায়তা কর্মসূচির আওতায় পুকুর পাড়ায় গীর্জার জন্য ২ সেট সোলার সিস্টেম, শিক্ষার্থীদের জন্য ৪০টি ছাতা এবং একটি ব্ল্যাকবোর্ড প্রদান করা হয়। প্রংজং পাড়ায় ১ সেট সোলার সিস্টেম, ৩০টি ছাতা, একটি ব্ল্যাকবোর্ড এবং একটি সাউন্ড সিস্টেম বিতরণ করা হয়।

 

এছাড়া চার্জিং পাড়ায় ২ সেট সোলার সিস্টেম, ২৮টি ছাতা, একটি ব্ল্যাকবোর্ড, ৭টি নিরাপত্তা লাইট, একটি জেনারেটর এবং একটি সাউন্ড সিস্টেম প্রদান করা হয়। সেপ্রু পাড়ায় একটি সোলার সিস্টেম ও একটি সাউন্ড সিস্টেম বিতরণ করা হয়। অন্যদিকে সূরাহা পাড়ার শিক্ষার্থীদের জন্য ৪০টি ছাতা এবং একটি ব্ল্যাকবোর্ড দেওয়া হয়।

 

রুমা জোনের এই মানবিক উদ্যোগ স্থানীয় জনগণের জীবনমান উন্নয়ন, শিক্ষার প্রসার এবং সামাজিক সম্প্রীতি বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।

 

বাংলাদেশ সেনাবাহিনী ভবিষ্যতেও পার্বত্য অঞ্চলে শান্তি, সম্প্রীতি ও উন্নয়ন কার্যক্রমের অংশ হিসেবে এ ধরনের জনকল্যাণমূলক কর্মসূচি অব্যাহত রাখবে বলে জানানো হয়েছে।