ঢাকা | জুলাই ২২, ২০২৬ - ৯:২৮ অপরাহ্ন

শিরোনাম

নানিয়ারচর-লংগদু সংযোগ সড়ক বাস্তবায়ন ও পরিবার পরিকল্পনা স্বাস্থ্য কমপ্লেক্সের কার্যক্রমে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলেন এমপি দীপেন দেওয়ান

  • আপডেট: Wednesday, July 22, 2026 - 7:09 pm

লংগদু (রাঙামাটি) প্রতিনিধি:

রাঙামাটির লংগদু উপজেলার বহুল প্রত্যাশিত নানিয়ারচর-লংগদু সংযোগ সড়কের কাজ দ্রুত বাস্তবায়নের আশ্বাস দিয়েছেন রাঙামাটি-২৯৯ আসনের সংসদ সদস্য দীপেন দেওয়ান। একই সঙ্গে উপজেলা পরিবার পরিকল্পনা স্বাস্থ্য কমপ্লেক্সের অনিয়মিত কার্যক্রমের বিষয়ে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ারও আশ্বাস দেন তিনি।

বুধবার (২২ জুলাই) সকালে লংগদু সফরে পৌঁছালে উপজেলা প্রশাসন ও বিএনপির নেতাকর্মীরা এমপি দীপেন দেওয়ানকে ফুলেল শুভেচ্ছায় বরণ করে নেন।

সফরকালে তিনি উপজেলা পরিষদের বিভিন্ন সরকারি দপ্তর পরিদর্শন করেন এবং উপজেলা পরিষদের নবনির্মিত সম্মেলন কক্ষের উদ্বোধন করেন। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহাঙ্গীর হোসাইনের সভাপতিত্বে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে এক মতবিনিময় সভায় অংশ নেন।

এরপর উপজেলা পরিষদের হলরুমে উপজেলা বিএনপির সভাপতি তোফাজ্জল হোসেনের সভাপতিত্বে দলীয় নেতাকর্মীদের সঙ্গে পৃথক আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন এমপি দীপেন দেওয়ান।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এমপি দীপেন দেওয়ান বলেন, লংগদুবাসীর দীর্ঘদিনের দাবি নানিয়ারচর-লংগদু সংযোগ সড়ক দ্রুত বাস্তবায়নে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হবে। পাশাপাশি উপজেলা পরিবার পরিকল্পনা স্বাস্থ্য কমপ্লেক্সের অনিয়মিত কার্যক্রমের বিষয়েও দ্রুত ব্যবস্থা গ্রহণ করা হবে।

তিনি আরও বলেন, উপজেলার বিদ্যুৎবিহীন তিনটি ইউনিয়নে পর্যায়ক্রমে বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করা হবে এবং এলাকার সার্বিক উন্নয়ন কার্যক্রম অব্যাহত থাকবে।