দৃষ্টি প্রতিবন্ধী শিশুর চিকিৎসায় ১২ বিজিবির ব্যতিক্রমী উদ্যোগ
বরকল প্রতিনিধি :
রাঙামাটির বরকল উপজেলা এ জন্মান্ধ এক শিশুর দৃষ্টিশক্তি ফিরিয়ে আনতে মানবিক ও ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে ১২ বিজিবি ছোটহরিণা জোন। অসহায় পরিবারটির পাশে দাঁড়িয়ে শিশুটির চিকিৎসার সম্পূর্ণ দায়িত্ব গ্রহণের পাশাপাশি প্রাথমিক চিকিৎসা সহায়তা হিসেবে ১০ হাজার টাকা প্রদান করা হয়েছে।
বুধবার (২০ মে) ছোটহরিণা জোনের দায়িত্বপূর্ণ এরাবুনিয়া এলাকার জন্মান্ধ শিশুটির পরিবারের হাতে এ সহায়তা তুলে দেন জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল ইমরুল কায়েস মেহেদী।
শিশুটির বাবা মো. বাবুল জানান, জন্ম থেকেই তার ছেলে দৃষ্টিপ্রতিবন্ধী। বিশেষজ্ঞ চিকিৎসকদের সঙ্গে পরামর্শ করলে তারা উন্নত চিকিৎসার মাধ্যমে শিশুটির দৃষ্টিশক্তি ফেরার সম্ভাবনার কথা জানান। বিষয়টি জানতে পেরে ছোটহরিণা জোন বিজিবি দ্রুত সহায়তার হাত বাড়িয়ে দেয়।
সম্প্রীতি ও উন্নয়ন প্রকল্পের আওতায় শিশুটির চিকিৎসা সহায়তায় নগদ ১০ হাজার টাকা প্রদান করা হয়। এসময় জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল ইমরুল কায়েস মেহেদী বলেন, “হরিণা জোন বিজিবি দায়িত্বপূর্ণ এলাকার অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে সবসময় রয়েছে। বিজিবি শুধু সীমান্ত রক্ষাই নয়, মানবিক দায়িত্ববোধ থেকেও মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে।”
তিনি আরও বলেন, দুর্গম পার্বত্য এলাকায় বসবাসকারী সুবিধাবঞ্চিত মানুষের সহায়তায় ছোটহরিণা জোন নিয়মিতভাবে বিভিন্ন মানবিক কার্যক্রম পরিচালনা করছে এবং ভবিষ্যতেও এ ধারা অব্যাহত থাকবে।











