দীর্ঘ ২৭ বছর পলাতক থাকার পর বান্দরবানে হত্যা মামলার আসামি গ্রেপ্তার
বান্দরবান প্রতিনিধি।।
দীর্ঘ ২৭ বছর আত্মগোপনে থাকার পর বান্দরবানের একটি চাঞ্চল্যকর হত্যা মামলার ওয়ারেন্টভুক্ত এক আসামিকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-১৫)।
শুক্রবার (৮ মে) দিবাগত রাত আনুমানিক ১২টা ১৫ মিনিটে বান্দরবান সদর উপজেলার কুহালং ইউনিয়নের বাকিছড়া তুইক্ষ্যং পাড়া (লামাপাড়া) এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত অংসই প্রু মার্মা (৫০) ওই এলাকার লাজু’র ছেলে।
র্যাব-১৫ সূত্রে জানা গেছে, অংসই প্রু মার্মা ১৯৯৯ সালের একটি আলোচিত হত্যা মামলার প্রধান অভিযুক্তদের একজন। ঘটনার পর থেকেই তিনি আইনের চোখ ফাঁকি দিয়ে দুর্গম পাহাড়ি অঞ্চলসহ বিভিন্ন স্থানে পরিচয় গোপন করে আত্মগোপনে ছিলেন।
গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১৫ এর সিপিসি-৩ (বান্দরবান ক্যাম্প) জানতে পারে যে, দীর্ঘদিনের পলাতক এ আসামি কুহালং ইউনিয়নের তুইক্ষ্যং পাড়া এলাকায় অবস্থান করছেন। পরে সংবাদের সত্যতা যাচাই করে র্যাবের একটি বিশেষ আভিযানিক দল গভীর রাতে সেখানে অভিযান পরিচালনা করে।
অভিযান চলাকালে র্যাবের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করলে তাকে ঘেরাও করে আটক করা হয়।
র্যাব জানায়, গ্রেপ্তারকৃত আসামিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য বান্দরবান সদর থানায় হস্তান্তর করা হয়েছে।
র্যাব-১৫ এর সহকারী পরিচালক (ল’ অ্যান্ড মিডিয়া) আ. ম. ফারুক স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, দেশের যেকোনো প্রান্তে পলাতক ও দুর্ধর্ষ অপরাধীদের আইনের আওতায় আনতে র্যাবের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।











