দীপেন দেওয়ানকে পার্বত্যমন্ত্রী পদে পুনর্বহালের দাবিতে বাঙ্গালহালিয়ায় মানববন্ধন
রাজস্থলী প্রতিনিধি।।
সর্বাধিক ভোটে নির্বাচিত ২৯৯ রাঙামাটি আসনের সাংসদ এডভোকেট দীপেন দেওয়ানকে পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী পদ থেকে জোরপূর্বক পদত্যাগে বাধ্য করা হয়েছে—এমন অভিযোগ তুলে তার পদত্যাগপত্র প্রত্যাহার এবং স্বপদে বহালের দাবিতে রাঙামাটির রাজস্থলী উপজেলার বাঙ্গালহালিয়া বাজারে এক মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে।
বৃহস্পতিবার (৪ জুন) বিকালে রাজস্থলী উপজেলা বাঙ্গালহালিয়া বাজারের যাত্রী ছাউনির সামনে এ মানববন্ধনের আয়োজন করা হয়।
মানববন্ধনে বক্তারা দাবি করেন, সর্বাধিক ভোটে নির্বাচিত জনপ্রতিনিধি দীপেন দেওয়ানকে অন্যায়ভাবে মন্ত্রী পদ ছাড়তে বাধ্য করা হয়েছে। তারা তার পদত্যাগপত্র প্রত্যাহার করে পুনরায় দায়িত্ব ফিরিয়ে দেওয়ার আহ্বান জানান।
মানববন্ধনে বক্তব্য রাখেন রাজস্থলী উপজেলা বিএনপি ও হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট কেন্দ্রীয় কমিটির সদস্য জিকু কুমার দে এবং যুবদলের আহ্বায়ক শামীম আহম্মেদ রুবেল।
এ ছাড়া বিএনপি, ছাত্রদল, যুবদল, শ্রমিকদল, স্বেচ্ছাসেবক দল, কৃষকদল এবং সর্বস্তরের সাধারণ জনগণের বিপুলসংখ্যক নেতাকর্মী এ মানববন্ধনে অংশগ্রহণ করেন।











