ঢাকা জেলা ডিবির অভিযানে ইয়াবা-গাঁজাসহ দুইজন আটক
এইচ এম সাগর, সাভার।। সাভার এলাকায় পৃথক অভিযানে ইয়াবা-গাঁজাসহ দুইজন আটক করেছে ঢাকা জেলা গোয়েন্দা শাখা (ডিবি-উত্তর)। এসময় তাদের কাছ থেকে ৫০ পিস ইয়াবা ট্যাবলেট ও ৫০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।
আটক দুইজন হলেন- মো. রিপন মিয়া (২২) ও মো. আ. জলিল (৬৫)।
পুলিশ জানায়, ঢাকা জেলা পুলিশ সুপার মো. মিজানুর রহমানের নির্দেশনায় মাদকবিরোধী বিশেষ অভিযান জোরদার করা হয়েছে। এরই ধারাবাহিকতায় ডিবি (উত্তর) এর অফিসার ইনচার্জ সাইদুল ইসলাম-এর নেতৃত্বে পৃথক দুটি অভিযান পরিচালিত হয়।
প্রথম অভিযান
২৫ এপ্রিল বিকেল সাড়ে পাঁচটায় সাভারের গেন্ডা বাসস্ট্যান্ড এলাকা থেকে মো. রিপন মিয়াকে আটক করা হয়। তিনি টাঙ্গাইল জেলার নাগরপুর থানার সরিষাজানি গ্রামের বাসিন্দা। বর্তমানে সাভারের গেন্ডা টিয়া বাড়ি এলাকায় ভাড়া থাকতেন। এসময় তার কাছ থেকে ৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। যার আনুমানিক বাজারমূল্য ১৫ হাজার টাকা।
দ্বিতীয় অভিযান
একইদিন রাত ১০টা ৪৫ মিনিটে সাভারের দক্ষিণ শ্যামপুর এলাকা থেকে মো. আ. জলিলকে আটক করা হয়। তিনি ওই এলাকার স্থায়ী বাসিন্দা। এসময় তার কাছ থেকে ৫০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। যার আনুমানিক মূল্য ১৫ হাজার টাকা।
পুলিশ জানায়, আটক দুই আসামির বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক মামলা দায়ের করা হয়েছে। একইসঙ্গে তাদেরকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।











