ঢাকা | এপ্রিল ২৬, ২০২৬ - ৫:০৪ অপরাহ্ন

শিরোনাম

ঈদগাঁও উপজেলা বাস্তবায়ন পরিষদের মরহুম নেতৃবৃন্দের স্মরণে অনুষ্ঠান সম্পন্ন

  • আপডেট: Sunday, April 26, 2026 - 3:49 pm

ঈদগাঁও (কক্সবাজার) প্রতিনিধি।।
ঈদগাঁও উপজেলা বাস্তবায়ন পরিষদের উদ্যোগে মরহুম নেতৃবৃন্দের স্মরণে কুরআনখানি, দোয়া, মোনাজাত ও স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে। একই সঙ্গে কমিটি গঠন বিষয়ক আলোচনা সভারও আয়োজন করা হয়। শনিবার (২৫ এপ্রিল) দিনব্যাপী এ অনুষ্ঠান ঈদগাঁও বাজারের পাবলিক লাইব্রেরি মিলনায়তনে অনুষ্ঠিত হয়।
সংগঠনের সাবেক আহ্বায়ক অধ্যাপক বেলাল উদ্দিন চৌধুরী ও আলহাজ্ব মাস্টার ছব্বির আহমদ এম এ, এবং প্রাক্তন সদস্য মাস্টার মোজাম্মেল হক ফরাজী ও মাস্টার মোকতার আহমদের রুহের মাগফিরাত কামনায় এ কর্মসূচি গ্রহণ করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব ও সমাপনী বক্তব্য দেন পরিষদের অন্যতম নীতিনির্ধারক মাওলানা ছলিম উল্লাহ জিহাদী। স্বাগত বক্তব্য দেন মনজুরুল হক চৌধুরী। কোরআন তিলাওয়াত করেন হাফেজ তানবীরুল ইসলাম এবং দোয়া পরিচালনা করেন ক্বারী মাওলানা নুরুল ইসলাম। অনুষ্ঠান সঞ্চালনা করেন সদস্য সচিব সাংবাদিক মোঃ রেজাউল করিম। এ সময় শোক প্রস্তাব গৃহীত হয়।
বক্তারা মরহুম নেতৃবৃন্দের কর্মময় জীবন ও উপজেলা বাস্তবায়ন আন্দোলনে তাঁদের অবদানের কথা শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। তাঁরা বলেন, সচেতনতা সৃষ্টি, জনমত গঠন ও প্রশাসনিক যোগাযোগে এসব নেতৃবৃন্দ গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন।
আলোচনায় অংশ নেন শওকত আলম শওকত, সেলিম মাহমুদ, ডা. আব্দুল কুদ্দুস মাখন, অ্যাডভোকেট আবু হেনা চৌধুরীসহ অন্যান্য নেতৃবৃন্দ। কমিটি গঠনে ঐকমত্য ও গণতান্ত্রিক প্রক্রিয়া অনুসরণের আহ্বান জানানো হয়।
অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণি-পেশার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। শেষে সংশ্লিষ্ট সকলের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানানো হয়।