চন্দনাইশে সাংবাদিক নুরুল আলমের বাড়িতে দুর্ধর্ষ চুরি
চন্দনাইশ প্রতিনিধি: চট্টগ্রামের চন্দনাইশ পৌরসভার সদর এলাকার হারলা ৪ নম্বর ওয়ার্ডে সাংবাদিক নুরুল আলমের বসতবাড়িতে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। শুক্রবার (৩ জুলাই) দিবাগত রাতে এ ঘটনা ঘটে। এ ঘটনায় এলাকায় উদ্বেগ ও আতঙ্কের সৃষ্টি হয়েছে।
ভুক্তভোগী সাংবাদিক নুরুল আলম জানান, পারিবারিক একটি ওরশ শরীফে অংশ নিতে তাঁর স্ত্রী বাবার বাড়িতে অবস্থান করছিলেন। অপরদিকে জরুরি কাজে তিনি ২ ও ৩ জুলাই চট্টগ্রাম শহর ও পটিয়ায় ছিলেন। এ কারণে বাড়িটি তালাবদ্ধ অবস্থায় ছিল এবং ঘরে কেউ ছিলেন না।
শনিবার (৪ জুলাই) সন্ধ্যায় বাড়িতে ফিরে তিনি দেখতে পান, বসতঘরের একটি কাঠের জানালা ভাঙা। ধারণা করা হচ্ছে, জানালা কেটে চোরেরা ঘরে প্রবেশ করে। ঘরে থাকা স্টিলের আলমারির তালা ভেঙে দুটি ড্রয়ার বের করে ফেলে রাখা হয়। একটি ড্রয়ারে থাকা একটি স্বর্ণের গলার হার চুরি করে নিয়ে যায়। তবে ঘরে থাকা অন্যান্য কাপড়চোপড় বা আসবাবপত্রে হাত দেওয়া হয়নি।
ভুক্তভোগীর দাবি, চুরি হওয়া স্বর্ণের গলার হারটির আনুমানিক মূল্য প্রায় আড়াই থেকে তিন লাখ টাকা।
নুরুল আলম কাসেম মাহবুব উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত সিনিয়র শিক্ষক এবং স্থানীয় সংবাদকর্মী।
এ ঘটনায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। সচেতন মহল এলাকায় চুরি-ডাকাতি প্রতিরোধে পুলিশি টহল জোরদার এবং জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।











