ঢাকা | জুন ২৩, ২০২৬ - ৮:০৫ অপরাহ্ন

শিরোনাম

কাপ্তাইয়ের চিৎমরম থেকে উদ্ধার হওয়া সংকটাপন্ন রেটিকুলেটেড পাইথন জাতীয় উদ্যানে অবমুক্ত

  • আপডেট: Tuesday, June 23, 2026 - 5:31 pm

কাপ্তাই (রাঙামাটি) প্রতিনিধি:

রাঙামাটির কাপ্তাই উপজেলার চিৎমরম এলাকা থেকে উদ্ধার হওয়া প্রায় ৭ ফুট দৈর্ঘ্যের একটি সংকটাপন্ন রেটিকুলেটেড পাইথন (অজগর) কাপ্তাই জাতীয় উদ্যানে অবমুক্ত করা হয়েছে।

বুধবার (২৩ জুন) সকাল সাড়ে ১১টায় পার্বত্য চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা এস এম সাজ্জাদ হোসেনের নির্দেশনায় সাপটিকে জাতীয় উদ্যানে অবমুক্ত করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন কাপ্তাই রেঞ্জ কর্মকর্তা মোহাম্মদ মামুনুর রহমান, কাপ্তাই বিট কর্মকর্তা সুলতানুল আজিম, কাপ্তাই প্রেসক্লাবের সভাপতি মো. কবির হোসেন, বন বিভাগের অন্যান্য কর্মকর্তা এবং জীববৈচিত্র্য সংরক্ষণ প্রকল্প, রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চিৎমরম ইউনিয়নের ‘প্রকৃতির দল’-এর সদস্যরা।

কাপ্তাই বন বিভাগের রেঞ্জ কর্মকর্তা মোহাম্মদ মামুনুর রহমান জানান, গত সোমবার রাত প্রায় ৯টার দিকে উপজেলার চিৎমরম ইউনিয়নের মুসলিমপাড়া এলাকার একটি বাড়ি থেকে জীববৈচিত্র্য সংরক্ষণ প্রকল্পের আওতাধীন ‘প্রকৃতির দল’ সংকটাপন্ন রেটিকুলেটেড পাইথনটি উদ্ধার করে। উদ্ধার হওয়া সাপটির দৈর্ঘ্য প্রায় ৭ ফুট।

তিনি আরও জানান, বুধবার সকাল ১১টার দিকে সাপটিকে পার্বত্য চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগের কাপ্তাই রেঞ্জ কার্যালয়ে আনা হয়। পরে বিভাগীয় বন কর্মকর্তার নির্দেশনায় এটিকে কাপ্তাই জাতীয় উদ্যানে অবমুক্ত করা হয়।

বন বিভাগ সূত্রে জানা যায়, বন্যপ্রাণী সংরক্ষণ কার্যক্রমের অংশ হিসেবে গত দেড় মাসে উদ্ধার হওয়া প্রায় ১৮টি অজগর সাপ পুনরায় প্রাকৃতিক পরিবেশে অবমুক্ত করা হয়েছে।