ঢাকা | মে ২১, ২০২৬ - ১:৫০ পূর্বাহ্ন

শিরোনাম

করলিয়া প্রকল্পে বিশুদ্ধ পানি ও কৃষি সহায়তায় বদলে যাচ্ছে দক্ষিণ দেবতাছড়ির ৮০ পরিবারের জীবন

  • আপডেট: Wednesday, May 20, 2026 - 3:21 pm

কাপ্তাই (রাঙামাটি) প্রতিনিধি :

রাঙামাটির কাপ্তাই উপজেলা এর ৫ নম্বর ওয়াগ্গা ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের দক্ষিণ দেবতাছড়ি এলাকায় করলিয়া প্রকল্পের মাধ্যমে বদলে যাচ্ছে ৮০টি তনচংগ্যা পরিবারের জীবনযাত্রা। বিশুদ্ধ পানির সুবিধা নিশ্চিত হওয়ার পাশাপাশি হাঁস-মুরগি পালন ও ঘরের আঙিনায় সবজি চাষ করে স্বাবলম্বী হয়ে উঠছেন এলাকার বাসিন্দারা।

এলাকার বাসিন্দা মৌমিতা তনচংগ্যা ও সন্তোষ তনচংগ্যা জানান, দীর্ঘদিন ধরে তাদের এলাকায় বিশুদ্ধ পানির তীব্র সংকট ছিল। বাধ্য হয়ে ছড়া ও কুয়ার পানি ব্যবহার করতে হতো, ফলে নানা রোগব্যাধিতে ভুগতেন তারা। বর্তমানে রাঙামাটি জেলা পরিষদ এর বাস্তবায়নে, কানাডা সরকারের অর্থায়নে, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় এবং UNDP এর সহযোগিতায় “স্থানীয় নেতৃত্বে অন্তর্ভুক্তিমূলক অভিযোজনের মাধ্যমে জনগোষ্ঠীর সহনশীলতা বৃদ্ধি” শীর্ষক করলিয়া প্রকল্পের আওতায় ২০২৫ সালে সৌরশক্তিচালিত গভীর নলকূপ স্থাপন করা হয়। এর ফলে বর্তমানে ৮০টি পরিবার ঘরের আঙিনায় বিশুদ্ধ পানির সুবিধা পাচ্ছে এবং এলাকায় পানির সংকট অনেকটাই দূর হয়েছে।

এলাকার আরেক বাসিন্দা কনিকা তনচংগ্যা ও সপ্ত রানী তনচংগ্যা জানান, করলিয়া প্রকল্পের মাধ্যমে তারা নগদ অর্থ সহায়তা পেয়েছেন। সেই অর্থ দিয়ে হাঁস-মুরগি পালন এবং ঘরের আঙিনায় সবজি চাষ করে স্বাবলম্বী হওয়ার চেষ্টা করছেন। পাশাপাশি প্রকল্পের মাধ্যমে ভার্মি কম্পোস্ট (কেঁচো সার) ও খামারজাত সার তৈরির প্রশিক্ষণ দেওয়া হয়েছে। এতে নিজেদের উৎপাদিত জৈব সার ব্যবহার করে তারা সবজি উৎপাদনে সফলতা পাচ্ছেন।

বুধবার (২০ মে) সকাল ১১টায় করলিয়া প্রকল্পের আওতাভুক্ত কাউখালী উপজেলার ঘাগড়া ও কলমপতি ইউনিয়নের উপকারভোগীদের নিয়ে ওয়াগ্গা ইউনিয়নের দক্ষিণ দেবতাছড়িতে বাস্তবায়নাধীন বিশুদ্ধ পানির প্রকল্প, ভার্মি কম্পোস্ট উৎপাদন প্রকল্প, খামারজাত সার প্রকল্প এবং হাঁস-মুরগি পালন কার্যক্রম পরিদর্শন করা হয়।

পরিদর্শনকালে উপস্থিত ছিলেন নাজিম উদ্দীন, করলিয়া প্রকল্পের মনিটরিং অ্যান্ড রিপোর্টিং অফিসার গ্যাব্রিয়েল পাংখোয়া, কাপ্তাই উপজেলা একাডেমিক সুপারভাইজার সোশেল চাকমা, কলমপতি ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান স্মৃতি দেবী চাকমা, UNDP প্রতিনিধি চম্পা চাকমা, কাউখালী উপজেলা কৃষি বিভাগের উপ-সহকারী কৃষি কর্মকর্তা শংকর তালুকদার সহ প্রকল্প সংশ্লিষ্ট কর্মকর্তা ও স্থানীয় উপকারভোগীরা।

করলিয়া প্রকল্পের মনিটরিং অ্যান্ড রিপোর্টিং অফিসার গ্যাব্রিয়েল পাংখোয়া বলেন, “সোলারচালিত ডিপ টিউবওয়েলের মাধ্যমে দক্ষিণ দেবতাছড়ির ৮০টি পরিবার বিশুদ্ধ পানির সুবিধা পাচ্ছে। এছাড়া ৭৫টি পরিবারকে প্রশিক্ষণ ও সাড়ে চার হাজার টাকা করে সহায়তা দেওয়া হয়েছে। এসব পরিবার হাঁস-মুরগি পালন ও সবজি উৎপাদনের মাধ্যমে স্বাবলম্বী হয়ে উঠছে।”

ওয়াগ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান চিরনজীত তনচংগ্যা বলেন, “এই প্রকল্পের মাধ্যমে এলাকার দীর্ঘদিনের বিশুদ্ধ পানির সংকট দূর হয়েছে। পাশাপাশি স্থানীয় মানুষ হাঁস-মুরগি পালন ও কৃষিকাজের মাধ্যমে আর্থিকভাবে লাভবান হচ্ছেন।”

প্রকল্প পরিদর্শন শেষে দক্ষিণ দেবতাছড়ি সমাজঘরে প্রকল্প বিষয়ে এক অভিজ্ঞতা বিনিময় সভা অনুষ্ঠিত হয়।