ঢাকা | এপ্রিল ২৭, ২০২৬ - ৩:১৮ অপরাহ্ন

আগাম জামিন পেলেন মুফতি আমির হামজা

  • আপডেট: Monday, April 27, 2026 - 12:04 pm

আদালত প্রতিবেদক।। মানহানি মামলায় উচ্চ আদালত থেকে ৮ সপ্তাহের আগাম জামিন পেয়েছেন কুষ্টিয়া-৩ (সদর) আসনের সংসদ সদস্য ও ইসলামী বক্তা মুফতি আমির হামজা।

আজ সোমবার (২৭ এপ্রিল) হাইকোর্টের একটি দ্বৈত বেঞ্চ শুনানি শেষে তার এই জামিন মঞ্জুর করেন।

আদালত সূত্রে জানা গেছে, সকালে সশরীরে হাইকোর্টে উপস্থিত হয়ে জামিন আবেদন করেন মুফতি আমির হামজা। তার আইনজীবীদের যুক্তি শোনার পর আদালত তাকে ৮ সপ্তাহের আগাম জামিন প্রদান করেন।

জামিন পাওয়ার পর আদালত চত্বরে গণমাধ্যমকর্মীরা তার সঙ্গে কথা বলার চেষ্টা করলে তিনি কোনো মন্তব্য করতে রাজি হননি। কোনো প্রশ্নের উত্তর না দিয়েই তিনি দ্রুত এলাকা ত্যাগ করেন।

জামিন পাওয়ার পর প্রতিক্রিয়া জানতে চাইলে তিনি কোনো উত্তর না দিয়ে কেবল মুচকি হাসেন। এ সময় পাশে থাকা তার আইনজীবী বলেন, এ বিষয়ে আমরা কথা বলব।

প্রসঙ্গত, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুকে নিয়ে মানহানিকর মন্তব্য করার অভিযোগে দায়ের করা মামলায় ২১ এপ্রিল আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন আদালত।

মামলা সূত্রে জানা যায়, গত ২ এপ্রিল মুফতি আমির হামজার বিরুদ্ধে মানহানির মামলা করেন অ্যাডভোকেট হুমায়ুন কবীর কর্নেল। ওই দিনই আদালত আমির হামজার বিরুদ্ধে সমন জারি করে ২১ এপ্রিল আদালতে হাজির হওয়ার নির্দেশ দিয়েছিলেন।

উল্লেখ্য, গত ২৬ মার্চ কুষ্টিয়া সদর উপজেলার হাটশ হরিপুর বড় জামে মসজিদে জুমার নামাজের খুতবার আগে আলোচনায় মুফতি আমির হামজা জ্বালানিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুকে নাস্তিক ও ইসলামবিদ্বেষী বলে মন্তব্য করেন। এর আগেও তার বিরুদ্ধে একাধিকবার আপত্তিকর বক্তব্য দেয়ার অভিযোগ রয়েছে।