ঢাকা | নভেম্বর ১২, ২০২৬ - ১০:৪৮ অপরাহ্ন

শিরোনাম

স্বাস্থ্য

সংবাদ সম্মেলনে বিইএস

ডায়াবেটিসে আক্রান্তের সংখ্যায় বিশ্বে অষ্টম বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক।। ডায়াবেটিস আক্রান্তের সংখ্যার দিক থেকে বিশ্বে অষ্টম অবস্থানে রয়েছে বাংলাদেশ। বর্তমান ধারা অব্যাহত থাকলে ২০৪৫ সালের মধ্যে দেশে এ রোগীর সংখ্যা বেড়ে ২ কোটি ২৩ লাখে দাঁড়াবে এবং বাংলাদেশ বিশ্বের সপ্তম শীর্ষ আক্রান্ত দেশে পরিণত হবে।

বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে আজ বৃহস্পতিবার জাতীয় প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানায় বাংলাদেশ এন্ডোক্রাইন সোসাইটি (বিইএস)।

সংগঠনটির নেতারা উদ্বেগ প্রকাশ করে বলেন, দেশের আক্রান্তদের একটি বড় অংশই জানেন না যে তারা ডায়াবেটিসে ভুগছেন।

সংবাদ সম্মেলনে বিইএসের সভাপতি ও বারডেমের এন্ডোক্রাইনোলজি বিভাগের প্রধান অধ্যাপক ফারিয়া আফসানা বলেন, ৩৫ বছর বা তার বেশি বয়সী সবার নিয়মিত ডায়াবেটিস পরীক্ষা করা জরুরি।

এছাড়া ওজনাধিক্য, উচ্চ রক্তচাপ, পিসিওএস কিংবা বংশগত ও গর্ভকালীন ডায়াবেটিসের ইতিহাস থাকলে কম বয়সীদেরও আগেভাগে পরীক্ষা করাতে হবে।

তিনি জানান, শরীরের ওজন ৫ থেকে ৭ শতাংশ কমানো এবং সপ্তাহে অন্তত ১৫০ মিনিট দ্রুত হাঁটলে ডায়াবেটিসের ঝুঁকি উল্লেখযোগ্য হারে কমে। ভাত, ময়দা ও মিষ্টি পানীয় নিয়ন্ত্রণের পাশাপাশি রোগ শনাক্তের পর নিয়মিত চোখ, কিডনি, স্নায়ু ও পায়ের পরীক্ষা করার পরামর্শ দেন তিনি।

বিইএসের সাধারণ সম্পাদক ও ঢাকা মেডিকাল কলেজের অধ্যাপক এম সাইফুদ্দিন প্রত্যন্ত অঞ্চলে মানসম্মত চিকিৎসা নিশ্চিতে উপজেলা ও জেলা পর্যায়ের স্বাস্থ্যকর্মীদের সনদযুক্ত প্রশিক্ষণের দাবি জানান। পাশাপাশি তিনি জাতীয় পর্যায়ে রোগীদের তথ্যভান্ডার গড়ে তোলার ওপর জোর দেন।

বাংলাদেশ মেডিকাল বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক শাহজাদা সেলিম শৈশব থেকেই স্বাস্থ্যকর জীবনযাপনের অভ্যাস গড়ে তুলতে প্রাথমিক থেকে বিশ্ববিদ্যালয় পর্যন্ত স্বাস্থ্যশিক্ষা চালুর দাবি জানান। একই সঙ্গে শিক্ষাপ্রতিষ্ঠানের ক্যানটিনে চিনিযুক্ত পানীয় বন্ধ ও প্রতারণামূলক বিজ্ঞাপন রোধের আহ্বান জানান তিনি।

গর্ভকালীন ডায়াবেটিস প্রসঙ্গে বিইএসের প্রেস সেক্রেটারি ও গ্রিন লাইফ মেডিকাল কলেজের অধ্যাপক তানজিনা হোসেন বলেন, গর্ভাবস্থায় ডায়াবেটিস থাকলে মা ও নবজাতক উভয়েরই জটিলতার ঝুঁকি বাড়ে। এসব নারীদের পরবর্তী জীবনে টাইপ-২ ডায়াবেটিস হওয়ার ঝুঁকি ৯ থেকে ১০ গুণ বেশি থাকে, তাই সন্তান প্রসবের ৪ থেকে ১২ সপ্তাহের মধ্যে পুনরায় পরীক্ষা করা প্রয়োজন।

বিইএসের কোষাধ্যক্ষ ও ঢাকা মেডিকাল কলেজের সহযোগী অধ্যাপক মির্জা শরিফুজ্জামান দেশে হরমোনজনিত সব রোগের সমন্বিত চিকিৎসা ও গবেষণার জন্য একটি জাতীয় এন্ডোক্রাইন ইনস্টিটিউট প্রতিষ্ঠার দাবি জানান। এতে রোগীদের ভোগান্তি ও চিকিৎসা ব্যয় কমবে বলে তিনি উল্লেখ করেন।

সংবাদ সম্মেলনে ডায়াবেটিস প্রতিরোধ ও চিকিৎসা উন্নয়নে ছয় দফা সুপারিশ তুলে ধরে বিইএস। এর মধ্যে জাতীয় ইনস্টিটিউট প্রতিষ্ঠা, ৫ থেকে ১০ বছরের কর্মপরিকল্পনা ঘোষণা এবং উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে ওষুধ, গ্লুকোমিটার ও এইচবিএ১সি পরীক্ষার উপকরণ সরবরাহ নিশ্চিত করার দাবি জানানো হয়।

এছাড়া গর্ভবতী নারীদের নিয়মিত পরীক্ষা, ইনসুলিনের সহজলভ্যতা, শিক্ষাপ্রতিষ্ঠানে স্বাস্থ্যশিক্ষা এবং সরকারি পর্যায়ে এন্ডোক্রাইনোলজিস্টের পদ সৃষ্টির সুপারিশ করেছে সংগঠনটি।

সম্পর্কিত