ঢাকা | নভেম্বর ১২, ২০২৬ - ১০:৪৮ অপরাহ্ন

শিরোনাম

স্বাস্থ্য

৯৬ কোটি টাকার জন্মনিয়ন্ত্রণ বড়ি কিনছে সরকার

নিজস্ব প্রতিবেদক।। মাঠপর্যায়ে পরিবার পরিকল্পনা সামগ্রীর সংকট কাটাতে ৯৬ কোটি ৫৪ লাখ ৫৬ হাজার ২৫০ টাকা ব্যয়ে প্রায় ২ কোটি জন্মনিয়ন্ত্রণ বড়ি কেনার সিদ্ধান্ত নিয়েছে সরকার। দেশীয় ওষুধ প্রস্তুতকারক প্রতিষ্ঠান পপুলার ফার্মাসিউটিক্যালস পিএলসি এই বড়ি সরবরাহ করবে।

আজ বৃহস্পতিবার অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে এ ক্রয় প্রস্তাব অনুমোদন দেয়া হয়।

বৈঠক সূত্রে জানা গেছে, স্বাস্থ্যশিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের উপস্থাপিত এ প্রস্তাবের আওতায় তৃতীয় প্রজন্মের মোট ১ কোটি ৯৩ লাখ ৭৫ হাজার সাইকেল খাবার বড়ি সংগ্রহ করা হবে। এতে প্রতি সাইকেল বড়ির ক্রয়মূল্য পড়ছে প্রায় ৪৯ টাকা ৮৩ পয়সা।

‘সমাপ্ত চতুর্থ সেক্টর কর্মসূচির অত্যাবশ্যকীয় পরিবার পরিকল্পনা, মা, শিশু ও প্রজনন স্বাস্থ্যসেবা অসমাপ্ত কার্যাবলী বাস্তবায়ন’ শীর্ষক প্রকল্পের অধীনে এ বড়িগুলো কেনা হচ্ছে। ২০২৫-২৬ অর্থবছরের নির্ধারিত ক্রয়প্রক্রিয়ায় পপুলার ফার্মাসিউটিক্যালস পিএলসি সুপারিশকৃত দরদাতা হিসেবে নির্বাচিত হয়েছে।

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় সূত্রে জানা যায়, ২০২৪ সালের জুলাই থেকে পঞ্চম স্বাস্থ্য, জনসংখ্যা ও পুষ্টি খাত কর্মসূচি (এইচপিএনএসপি) অনুমোদন না হওয়ায় সরকারিভাবে জন্মনিয়ন্ত্রণ সামগ্রী কেনাকাটা বন্ধ ছিল। এর ফলে দেশের কয়েকশ উপজেলায় খাবার বড়ি ও কনডমসহ বিভিন্ন সামগ্রীর তীব্র সংকট দেখা দেয়।

মাঠপর্যায়ের এই সংকট নিরসন ও মজুত স্বাভাবিক রাখতে সরকার জরুরি ভিত্তিতে ক্রয় কার্যক্রম শুরু করেছে। এরই ধারাবাহিকতায় গত ১ অক্টোবর অনুষ্ঠিত মন্ত্রিসভা কমিটির বৈঠকেও রেনাটা পিএলসির কাছ থেকে প্রায় ১৯৩ কোটি ১৭ লাখ টাকায় ৩ কোটি ৮৭ লাখ ৫০ হাজার সাইকেল খাবার বড়ি কেনার অনুমোদন দেয়া হয়েছিল।

মন্ত্রিসভা কমিটির অনুমোদনের পর এখন নির্ধারিত প্রক্রিয়ায় পপুলার ফার্মাসিউটিক্যালস পিএলসি এসব বড়ি সরবরাহ শুরু করবে। এতে তৃণমূল পর্যায়ে পরিবার পরিকল্পনা সেবা আবারো গতিশীল হবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।

সম্পর্কিত