ঢাকা | নভেম্বর ১২, ২০২৬ - ১০:৪৮ অপরাহ্ন

শিরোনাম

স্বাস্থ্য

সূরা আল মায়েদা সামনে রেখে ডাক্তারদের চিকিৎসা করার পরামর্শ স্বাস্থ্যমন্ত্রীর

নিজস্ব প্রতিবেদক।। পবিত্র কোরআনের সূরা আল মায়েদার ৩২ নম্বর আয়াত সামনে রেখে চিকিৎসকদের মানবসেবায় আত্মনিয়োগ করার পরামর্শ দিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। মানুষের জীবন বাঁচানোকে সমগ্র মানবজাতিকে বাঁচানোর সমতুল্য উল্লেখ করে তিনি চিকিৎসকদের নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) চিকিৎসকদের উদ্দেশ্যে বক্তব্য দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রী এই আহ্বান জানান।

বক্তব্যে স্বাস্থ্যমন্ত্রী পবিত্র কোরআনের সূরা আল মায়েদার ৩২ নম্বর আয়াতের উদ্ধৃতি দিয়ে বলেন, একজন মানুষের জীবন রক্ষা করা মানে পুরো মানবজাতিকে রক্ষা করা। চিকিৎসকদের এই মহান দায়িত্ববোধ ও মানবিক মূল্যবোধ হৃদয়ে ধারণ করে রোগীদের সেবা দিতে হবে।

দেশের চিকিৎসকদের মেধা ও কর্মনিষ্ঠার ভূয়সী প্রশংসা করে মন্ত্রী বলেন, বাংলাদেশের চিকিৎসকদের নিয়ে তিনি গর্ববোধ করেন। তারা অত্যন্ত মেধাবী এবং প্রতিকূল পরিবেশেও নিষ্ঠার সঙ্গে কাজ করে যাচ্ছেন।

আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশি চিকিৎসকদের সুনামের কথা তুলে ধরে সরদার মো. সাখাওয়াত হোসেন একটি অভিজ্ঞতার কথা জানান। তিনি উল্লেখ করেন, শ্রীলঙ্কার স্বাস্থ্যমন্ত্রী তাকে জানিয়েছেন যে বাংলাদেশের চিকিৎসকেরা অত্যন্ত দক্ষ এবং বিশ্বজুড়ে তাদের আলাদা কদর ও স্বীকৃতি রয়েছে।

রোগীদের জীবন রক্ষায় চিকিৎসকদের আরও আন্তরিক হওয়ার তাগিদ দিয়ে মন্ত্রী আশা প্রকাশ করেন যে, নৈতিকতা ও পেশাদারিত্বের সমন্বয়ে দেশের স্বাস্থ্যখাত আরও এগিয়ে যাবে।

সম্পর্কিত