ঢাকা | নভেম্বর ১২, ২০২৬ - ১০:৪৮ অপরাহ্ন

শিরোনাম

জাতীয়

সংরক্ষিত নারী আসন প্রথা বাতিলের পরামর্শ স্পিকারের

নিজস্ব প্রতিবেদক।। জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসন প্রথা বাতিল করে সরাসরি নির্বাচনে মোট আসনের এক-তৃতীয়াংশ আসনে নারীদের মনোনয়ন দেওয়ার পরামর্শ দিয়েছেন জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম। দেশের নারীরা এখন নিজ যোগ্যতায় এগিয়ে যাচ্ছেন উল্লেখ করে এই প্রথা তুলে দেওয়ার এখনই উপযুক্ত সময় বলে মন্তব্য করেন তিনি।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) দুপুরে সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর পক্ষে সর্বদলীয় সংসদীয় ককাস আয়োজিত এক বিশেষ আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে স্পিকার এসব কথা বলেন। কমিটি গঠনের পর সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর প্রতিনিধিদের সঙ্গে এটিই ছিল ককাসের প্রথম আনুষ্ঠানিক মতবিনিময় সভা।

বক্তব্যে দেশের বর্তমান অবস্থার জন্য রাজনীতিবিদদের দায়ী করে আত্মসমালোচনা করেন হাফিজ উদ্দিন আহমদ। তিনি বলেন, রাজনীতিবিদরা দলীয় রাজনীতি করে নিজেরা কীভাবে সুবিধা নেবেন, তা নিয়েই ব্যস্ত থাকেন। ফলে সমাজের সুবিধাবঞ্চিত মানুষগুলোর কথা তাদের মাথায় থাকে না।
রাজনীতিবিদরা নিজেদের শুধরে নিলেই পুরো দেশ বদলে যাবে বলে মত দেন স্পিকার। তিনি বলেন, যারা রাজনীতি করেন না, তাদের পক্ষে দেশ কীভাবে চলে তা বোঝা মুশকিল। তাই দেশের যেকোনো পরিবর্তনের জন্য রাজনীতিবিদদেরই আগে ঠিক হতে হবে।

অনুষ্ঠানে বিগত তিনটি জাতীয় নির্বাচনকে ‘প্রহসনের নির্বাচন’ হিসেবে আখ্যায়িত করেন স্পিকার। তিনি দাবি করেন, দেশে এখন আর সেই প্রহসনের সংস্কৃতি নেই এবং সর্বশেষ জাতীয় নির্বাচন দেশের ইতিহাসের সবচেয়ে সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন হিসেবে অনুষ্ঠিত হয়েছে।

নারী নেতৃত্বের বিকাশে সংরক্ষিত আসনের পরিবর্তে সরাসরি নির্বাচনের ওপর গুরুত্বারোপ করেন মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ। তার মতে, দেশের নারীরা এখন আর কোনো অংশেই পিছিয়ে বা সুবিধাবঞ্চিত নন, তাই প্রতিটি রাজনৈতিক দলের উচিত সরাসরি ভোটে এক-তৃতীয়াংশ আসনে নারী প্রার্থী নিশ্চিত করা।

সম্পর্কিত