শিল্পাঞ্চলের নিরাপত্তায় ৩৩ প্লাটুন বিজিবি মোতায়েন
ডেস্ক রিপোর্ট।। চলমান শ্রমিক অসন্তোষের মধ্যে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ঢাকা, গাজীপুর ও নারায়ণগঞ্জের বিভিন্ন শিল্পাঞ্চলে ৩৩ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে।
আজ রোববার বিজিবি সদর দপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। উদ্ভূত পরিস্থিতিতে শিল্পকারখানা ও জনসাধারণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে আজ সকাল থেকেই মাঠে নেমেছেন বিজিবি সদস্যরা।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মোতায়েন করা বিজিবি সদস্যরা ঢাকার সাভার, আশুলিয়া ও মিরপুর; নারায়ণগঞ্জের শিবু মার্কেট, জালকুড়ি, বিসিক শিল্পনগরী, চাষাঢ়া, কাঁচপুর ও শিমরাইল এবং গাজীপুরের চন্দ্রা, পল্লীবিদ্যুৎ, মৌচাক, আমবাগ, কাশিমপুর, নাওজোর, ভোগড়া বাইপাস, গাছা ও সালনা এলাকায় টহল ও নিরাপত্তার দায়িত্ব পালন করছেন। এসব এলাকার গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে বিজিবির সাঁজোয়া যান ও টহল দল জোরদার করা হয়েছে।
বিজিবি সদর দপ্তরের মনিটরিং সেল থেকে প্রযুক্তিনির্ভর ব্যবস্থায় মাঠপর্যায়ের কার্যক্রম ও সরাসরি ভিডিও চিত্র সার্বক্ষণিক পর্যবেক্ষণ করা হচ্ছে। স্থানীয় প্রশাসন, শিল্প পুলিশ ও জেলা পুলিশের সঙ্গে সমন্বয় করে সর্বোচ্চ সতর্ক অবস্থানে থেকে বিজিবি সদস্যরা দায়িত্ব পালন করছেন। শিল্পাঞ্চলে স্বাভাবিক কর্মপরিবেশ বজায় রাখতে বিজিবির এই বিশেষ নজরদারি ও মোতায়েন কার্যক্রম অব্যাহত থাকবে বলে বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে।











