ঢাকার দুই সিটিতে মেয়র প্রার্থী ঘোষণা করল খেলাফত মজলিস
নিজস্ব প্রতিবেদক।। আসন্ন স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে রাজধানী ঢাকার দুটি সিটি করপোরেশনে দলীয় মেয়র প্রার্থীর নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছে বাংলাদেশ খেলাফত মজলিস।
শনিবার (৭ নভেম্বর) ঐতিহাসিক ৭ই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে দলটির পক্ষ থেকে এই দুই প্রার্থীর নাম চূড়ান্ত করা হয়।
ঘোষণা অনুযায়ী, ঢাকা উত্তর সিটি করপোরেশনে (ডিএনসিসি) দলটির প্রার্থী হিসেবে মনোনীত হয়েছেন মাওলানা মুর্শিদ আলম সিদ্দিকী। তিনি বাংলাদেশ খেলাফত মজলিস ঢাকা মহানগর উত্তরের সেক্রেটারি ও কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন। অন্যদিকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে (ডিএসসিসি) মেয়র পদে লড়বেন দলটির কেন্দ্রীয় নায়েবে আমির এবং মরহুম শায়খুল হাদিস আল্লামা আজিজুল হক (রহ.)-এর সন্তান হাফেজ মাওলানা মাহবুবুল হক।
সংবাদ সম্মেলনে দলটির নেতৃবৃন্দ জানান, আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে বাংলাদেশ খেলাফত মজলিস দেশজুড়ে পুরোদমে অংশগ্রহণের প্রস্তুতি নিচ্ছে। দেশের সব ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান-মেম্বার, পৌরসভার মেয়র এবং সিটি করপোরেশনগুলোতে দলীয় প্রার্থী বাছাই ও মনোনয়ন প্রক্রিয়া চলমান রয়েছে। ইতিমধ্যে বিভিন্ন এলাকায় প্রার্থী চূড়ান্ত করার ধারাবাহিকতায় রাজধানীর এই দুই গুরুত্বপূর্ণ সিটিতে প্রার্থীর নাম ঘোষণা করা হলো।
নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন, স্থানীয় সরকার পর্যায়ে সৎ, যোগ্য ও নিষ্ঠাবান নেতৃত্ব প্রতিষ্ঠার মাধ্যমে খেলাফত মজলিস জনগণের প্রত্যাশা পূরণে সক্ষম হবে।











