ঢাকা | নভেম্বর ৭, ২০২৬ - ৯:৩৫ অপরাহ্ন

শিরোনাম

চট্রগ্রাম প্রতিদিন

শিক্ষাসফরের বাস পুকুরে পড়ে দুইজন নিহত, আহত ৩০ 

নিজস্ব প্রতিবেদক।। চট্টগ্রামের সাতকানিয়ার কেরানীহাটে কক্সবাজারগামী একটি শিক্ষাসফরের বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের একটি পুকুরে পড়ে এক মাদরাসা শিক্ষিকা ও এক সংবাদপত্র কর্মকর্তাসহ দুইজন নিহত হয়েছেন।

শনিবার (৭ নভেম্বর) ভোর পৌনে ৪টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের খুনিয়ারবটতল কেরানীহাট রেলবিটের প্রায় ৩০০ গজ দক্ষিণে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় বাসচালকসহ অন্তত ৩০ থেকে ৩২ জন যাত্রী গুরুতর আহত হয়েছেন, যাদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক।

নিহতরা হলেন—কুমিল্লার বুড়িচং উপজেলার জগতপুর এলাকার রেজাউল করিমের স্ত্রী ও বাকশীমূল সুন্নিয়া ইসলামিয়া সিনিয়র মাদরাসার আরবি বিভাগের সহকারী অধ্যাপক সোহানা আফরোজ (৪৫) এবং ব্রাহ্মণপাড়া উপজেলার মালাপাড়া এলাকার মৃত ইউনুস মিয়ার ছেলে ও কুমিল্লার আঞ্চলিক দৈনিক রূপসী বাংলা পত্রিকার ম্যানেজার সাখাওয়াত হোসেন ইসরাফিল (৫৬)।

বুড়িচং উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা কবির হোসেন দুইজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

মাদরাসা ও স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার রাত ১০টার দিকে বুড়িচং থেকে শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের নিয়ে দুটি বাসে করে বার্ষিক শিক্ষাসফরের উদ্দেশ্যে কক্সবাজারের পথে রওনা হন তারা। পথে কেরানীহাটের নবনির্মিত রেলক্রসিং অতিক্রম করার সময় একটি বাস চালক নিয়ন্ত্রণ হারালে সেটি মহাসড়কের পাশের গভীর পুকুরে ছিটকে পড়ে উল্টে যায়। ভোরে চারদিকের নিস্তব্ধতার মধ্যে বিকট শব্দ শুনে পাশের একটি ইটভাটার শ্রমিক এবং স্থানীয় বাসিন্দারা দ্রুত ছুটে এসে বাসের জানালা ভেঙে ভেতর থেকে যাত্রীদের উদ্ধার করা শুরু করেন।

পরবর্তীতে খবর পেয়ে দোহাজারী হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সঙ্গে উদ্ধারকাজে যোগ দেয় এবং ক্রেন দিয়ে দুর্ঘটনাকবলিত বাসটি পানি থেকে ওপরে তুলে আনে। আহতদের দ্রুত উদ্ধার করে চট্টগ্রামের চন্দনাইশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, বিজিসি ট্রাস্ট হাসপাতাল ও চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে কর্তব্যরত চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন।

দোহাজারী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুল আবসার জানান, বাসটি উদ্ধার করা হয়েছে এবং দুর্ঘটনার সুনির্দিষ্ট কারণ অনুসন্ধানে তদন্ত চলছে।

সম্পর্কিত