ঢাকা | অক্টোবর ৮, ২০২৬ - ৬:৪২ অপরাহ্ন

শিরোনাম

রাজধানী

চালকদের হেলমেট ও নিরাপত্তা সরঞ্জাম দিল উবার 

নিজস্ব প্রতিবেদক।। জাতীয় নিরাপদ সড়ক দিবস (২২ অক্টোবর) সামনে রেখে চালকদের সচেতনতা বৃদ্ধি ও মোটরসাইকেলের প্রয়োজনীয় নিরাপত্তা সরঞ্জাম বিতরণের মাধ্যমে তিন মাসব্যাপী রোড সেফটি ক্যাম্পেইন শুরু করেছে রাইডশেয়ারিং অ্যাপ উবার।

আজ বৃহস্পতিবার (৮ অক্টোবর) ঢাকার কেরানীগঞ্জে উবারের ‘রাইড সেফ. অ্যারাইভ সেফ’ শীর্ষক এই সড়ক নিরাপত্তা সচেতনতা কর্মসূচির আয়োজন করা হয়।

চলতি অক্টোবর থেকে ডিসেম্বর পর্যন্ত তিন মাসব্যাপী চলবে উবারের এই ক্যাম্পেইন। এতে দুর্ঘটনা প্রতিরোধমূলক নিরাপত্তা চর্চা এবং চালকদের সার্বিক কল্যাণকে বিশেষ গুরুত্ব দেওয়া হবে। আজ আয়োজিত এই উদ্বোধনী অনুষ্ঠানে উবার বাইক চালকদের হাতে হেলমেট, রাইডিং গ্লাভস ও রিফ্লেক্টিভ ভেস্টসহ মোটরসাইকেলের প্রয়োজনীয় বিভিন্ন নিরাপত্তা সরঞ্জাম তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানে ঢাকা-৩ আসনের সংসদ সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেন, “সড়ক নিরাপত্তা একটি যৌথ দায়িত্ব। চালকদের মধ্যে সচেতনতা বৃদ্ধি নিরাপদ সড়ক নিশ্চিত করার একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। সড়ক নিরাপত্তা সচেতনতার সঙ্গে প্রযুক্তির মাধ্যমে আয়ের সুযোগকে যুক্ত করার এই উদ্যোগ চালক ও কমিউনিটি উভয়ের জন্যই উপকারী।”

দায়িত্বশীল রাইডিং উৎসাহিত করা এবং আয়ের সুযোগ তৈরিতে উবারের এই উদ্যোগের প্রশংসা করে পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট নিপুণ রায় চৌধুরী বলেন, “মোটরসাইকেল চালকদের নিরাপদ রাইডিংয়ের চর্চা অনুসরণে উৎসাহিত করা এবং সড়কে আরও বেশি সচেতনতা তৈরিতে উবারের উদ্যোগকে আমরা স্বাগত জানাই। সরকারি ও বেসরকারি অংশীজনদের ধারাবাহিক সহযোগিতা আমাদের সড়কগুলোকে আরও নিরাপদ করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।”

উবার বাংলাদেশের কান্ট্রি হেড এস এম জামশেদ হাসান বলেন, “উবারের প্রতিটি কাজের কেন্দ্রে রয়েছে নিরাপত্তা। দায়িত্বশীল রাইডিং উৎসাহিত করতে এবং নিরাপদ সড়ক নিশ্চিত করতে আমরা সরকার ও অন্যান্য অংশীজনের সঙ্গে কাজ করতে প্রতিশ্রুতিবদ্ধ। প্রযুক্তি, শিক্ষা ও সহযোগিতার মাধ্যমে আমরা প্রতিটি বাইক ট্রিপকে আরও নিরাপদ করতে চাই।”

উল্লেখ্য, বাইক যাতায়াত আরও নিরাপদ করতে প্রযুক্তি ও সচেতনতায় উবারের বিনিয়োগ অব্যাহত রয়েছে। হেলমেট সেলফি, রাইডার সেফটি রিমাইন্ডার, জিপিএস ট্র্যাকিং ও এসওএস সাপোর্টের মতো ফিচারগুলো চালকদের দায়িত্বশীল রাইডিংয়ে উৎসাহ দেয় এবং পুরো যাত্রায় বাড়তি নিরাপত্তা নিশ্চিত করে।

সম্পর্কিত