ঢাকা | সেপ্টেম্বর ৩০, ২০২৬ - ২:৩৭ অপরাহ্ন

শিরোনাম

রাজধানী

মুন্সিগঞ্জে গ্রাহকের কয়েক কোটি টাকা নিয়ে পালানো অগ্রণী ব্যাংকের কর্মকর্তা ঢাকায় আটক

নিজস্ব প্রতিবেদক।। মুন্সীগঞ্জের শ্রীনগর শাখা থেকে গ্রাহকদের কোটি কোটি টাকা আ’ত্মসাৎ করে আত্মগোপনে যাওয়া অগ্রণী ব্যাংকের ক্যাশ অফিসার মো. শরিফুজ্জামান সোহাগকে ঢাকার মিরপুর থেকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার রাতে মুন্সীগঞ্জ জেলা ডিবি ও শ্রীনগর থানা পুলিশের একটি যৌথ দল মিরপুরের পাইকপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করে।

আজ বুধবার সকালে আটকের বিষয়টি নিশ্চিত করেন মুন্সিগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপারেশন) কামরান হাসান। তিনি বলেন, শরিফুজ্জামান মিরপুর-১ এলাকায় তাঁর বোনের বাসায় আত্মগোপনে ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে তাঁকে আটক করা হয়। পরে রাতেই তাঁকে মুন্সিগঞ্জে আনা হয়েছে। আজ তাঁকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হবে।

ব্যাংকের ক্যাশ ইন-চার্জ হিসেবে কর্মরত থাকাকালীন শরিফুজ্জামান গ্রাহকদের কাছ থেকে টাকা নিয়ে তা মূল হিসাবে জমা না দিয়ে, নিজের সিল-স্বাক্ষরযুক্ত ভুয়া ভাউচার দিয়ে প্রায় ২ কোটি ২৭ লাখ টাকা হাতিয়ে নেন।

গত ২৪ সেপ্টেম্বর এই জালিয়াতির ঘটনা ফাঁস হওয়ার পর থেকেই তিনি পলাতক ছিলেন এবং এ পর্যন্ত ২৩০ জন ভুক্তভোগী গ্রাহক তাদের টাকা লোপাটের বিষয়ে ব্যাংক কর্তৃপক্ষের কাছে লিখিত অভিযোগ দায়ের করেছেন।

পুলিশ জানিয়েছে, এই বিশাল অর্থ কেলেঙ্কারির সাথে ব্যাংকের অন্য কেউ জড়িত আছে কিনা তা খতিয়ে দেখতে শরিফুজ্জামানকে নিবিড় জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

সম্পর্কিত