ঢাকা | সেপ্টেম্বর ২৯, ২০২৬ - ৬:৫৯ অপরাহ্ন

শিরোনাম

শিক্ষা

তামাক ও ধূমপানমুক্ত ক্যাম্পাস নিশ্চিতে ঢাবিতে মতবিনিময় সভা

ঢাবি সংবাদদাতা।।  ঢাকা বিশ্ববিদ্যালয়কে তামাক ও ধূমপানমুক্ত ক্যাম্পাস হিসেবে গড়ে তোলার লক্ষ্যে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর)  বিশ্ববিদ্যালয়ের শহিদ মোফাজ্জল হায়দার চৌধুরী কলা ভবনের সভাকক্ষে এই সভার আয়োজন করা হয়।

‘তামাক ও ধূমপানমুক্ত ক্যাম্পাস নিশ্চিত করতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইনগত বাধ্যবাধকতা এবং ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির করণীয়’ শীর্ষক এই সভার যৌথ আয়োজক ছিল ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি ও উন্নয়ন সংস্থা ডর্প (DORP)।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. মোহাম্মদ আলমোজাদ্দেদী আলফেছানী।

সাংবাদিক সমিতির সভাপতি মো. মানজুর হোছাঈনের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন কলা অনুষদের ডিন অধ্যাপক ড. মো. আবুল কালাম সরকার।

প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক ড. মোহাম্মদ আলমোজাদ্দেদী আলফেছানী বলেন, তরুণ প্রজন্মকে তামাকের ক্ষতিকর প্রভাব থেকে রক্ষা করতে সচেতনতার পাশাপাশি বাস্তবমুখী পদক্ষেপ নেওয়া জরুরি।

তামাকবিরোধী জনসচেতনতা তৈরিতে বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকদের দায়িত্বশীল ভূমিকা রাখার আহ্বান জানিয়ে তিনি বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের যেকোনো ইতিবাচক উদ্যোগ দেশের অন্য শিক্ষাপ্রতিষ্ঠানেও প্রভাব ফেলে। তাই এই উদ্যোগকে শুধু আলোচনায় সীমাবদ্ধ না রেখে বাস্তবায়নযোগ্য কর্মপরিকল্পনায় রূপ দিতে হবে।

প্রো-ভাইস চ্যান্সেলর আরও জানান, বিশ্ববিদ্যালয়ের আবাসিক হল ও ক্যাম্পাসের দোকানগুলোতে তামাকজাত পণ্য বিক্রি হচ্ছে কি না, তা কঠোরভাবে নজরদারি করা দরকার।ক্যাম্পাসে তামাকজাত পণ্য বিক্রির আইনি ও প্রশাসনিক বিষয়গুলো পর্যালোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। একই সঙ্গে শিক্ষার্থীদের সচেতন করতে ক্যাম্পাসজুড়ে লিফলেট, পোস্টার ও স্টিকার প্রদর্শনের ওপর জোর দেন তিনি। বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে তামাকমুক্ত ক্যাম্পাস গঠনে সব ধরনের সহযোগিতা করার আশ্বাসও দেন তিনি।

সভায় স্বাগত বক্তব্য দেন ডর্পের প্রতিষ্ঠাতা ও সিইও এএইচএম নোমান। সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক লিটন ইসলামের সঞ্চালনায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন ডর্পের প্রোগ্রাম কোঅর্ডিনেটর জেবা আফরোজ।

আলোচক হিসেবে বক্তব্য দেন সিটিএফকে বাংলাদেশের প্রোগ্রাম ম্যানেজার মো. আব্দুস সালাম মিয়া এবং ডর্পের উপদেষ্টা ও অবসরপ্রাপ্ত সচিব মো. আজহার আলী তালুকদার।

সভায় বক্তারা ক্যাম্পাসে তামাকজাত পণ্যের বিক্রয় নিয়ন্ত্রণ, বিদ্যমান আইন ও বিধিবিধানের প্রয়োগ এবং জনস্বাস্থ্য সুরক্ষায় গণমাধ্যমের ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন।

অনুষ্ঠানে সাংবাদিক সমিতির নেতৃবৃন্দ ও সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সম্পর্কিত