ঢাকা | সেপ্টেম্বর ২৭, ২০২৬ - ২:০৬ অপরাহ্ন

শিরোনাম

জাতীয়

জাতিসংঘ সফর শেষে দেশের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

বিশেষ প্রতিনিধি।। জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে অংশ নিতে ৫ দিনের নিউইয়র্ক সফর শেষে দেশের উদ্দেশে রওনা হয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় রাত ১১টা ৩০ মিনিটে প্রধানমন্ত্রী, তাঁর সহধর্মিণী ডা. জুবাইদা রহমান এবং সফরসঙ্গীদের নিয়ে এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে নিউইয়র্কের জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেন।

প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী এ তথ্য নিশ্চিত করেছেন। ফ্লাইটটি ২৬ সেপ্টেম্বর রাত ৮টায় দুবাই হয়ে ২৭ সেপ্টেম্বর সকাল ৮টা ৪০ মিনিটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর কথা রয়েছে।

এবারের সফরে প্রধানমন্ত্রী প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদের সাধারণ বিতর্কে বাংলায় ভাষণ দেন। গত ২৪ সেপ্টেম্বর দেওয়া ভাষণে তিনি বৈশ্বিক শান্তি, নিরাপত্তা ও জলবায়ু পরিবর্তনের মতো গুরুত্বপূর্ণ বিষয়ের পাশাপাশি বাংলাদেশের অভ্যন্তরীণ প্রেক্ষাপটে সরকারের ‘রিকভারি, রেস্টোরেশন অ্যান্ড রিকনস্ট্রাকশন’ (থ্রি-আর) কৌশল বিশ্বমঞ্চে তুলে ধরেন। রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানে নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের ওপর জোর দিয়ে আন্তর্জাতিক সম্প্রদায়ের কার্যকর সহযোগিতা কামনা করেন তিনি।

এ ছাড়া স্বাস্থ্য খাতের অগ্রগতি নিশ্চিত করতে প্রাথমিক স্বাস্থ্যসেবাকে মূল ভিত্তি ধরে আরও ১ লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগের পরিকল্পনার কথা জানান প্রধানমন্ত্রী, যার মধ্যে ৮০ হাজার নারী এবং ২৫ হাজার পেশাদার মিডওয়াইফ বা ধাত্রী থাকবেন। বাংলাদেশের অর্থনৈতিক কূটনীতির অংশ হিসেবে এই সফরে বোয়িংয়ের সঙ্গে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ১১টি উড়োজাহাজ কেনার একটি চুক্তিও স্বাক্ষরিত হয়।

নিউইয়র্ক অবস্থানকালে প্রধানমন্ত্রী বিশ্বনেতাদের সঙ্গে দ্বিপক্ষীয় স্বার্থসংশ্লিষ্ট নানা বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেন। তিনি জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস, তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যিপ এরদোয়ান, পাকিস্তানের প্রধানমন্ত্রী মুহাম্মদ শাহবাজ শরিফ, ভুটানের প্রধানমন্ত্রী দাশো শেরিং তোবগে, ক্রোয়েশিয়ার প্রধানমন্ত্রী আন্দ্রেজ প্লেনকোভিচ, থাইল্যান্ডের প্রধানমন্ত্রী অনুতিন চার্নভিরাকুল, হাইতির প্রধানমন্ত্রী আলিক্স দিদিয়ে ফিলস-এমের এবং কুয়েতের ক্রাউন প্রিন্স শেখ সাবাহ খালেদ আল-হামাদ আল-সাবাহর সঙ্গে পৃথক বৈঠক করেন। পাশাপাশি মালদ্বীপের ভাইস প্রেসিডেন্ট হুসেইন মোহাম্মদ লতিফের সঙ্গেও দ্বিপক্ষীয় বৈঠক করেন তিনি।

রাষ্ট্রপ্রধানদের বাইরেও প্রধানমন্ত্রী বিশ্বব্যাংক গ্রুপের প্রেসিডেন্ট অজয় বাঙ্গা, গেটস ফাউন্ডেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মার্ক সুজম্যান, জেপিমরগানের উদ্যোগে আয়োজিত ওয়াল স্ট্রিটের প্রতিনিধি দল এবং বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার (ভিসা ফাউন্ডেশন, রকফেলার ফাউন্ডেশন, রোটারি ইন্টারন্যাশনাল) সঙ্গে বৈঠক ও উচ্চপর্যায়ের আলোচনায় অংশ নিয়ে বাংলাদেশের উন্নয়ন অগ্রাধিকার ও অর্থনৈতিক অংশীদারিত্বের বিষয়টি জোরালোভাবে উপস্থাপন করেন।

সম্পর্কিত