ঢাকা | সেপ্টেম্বর ২৬, ২০২৬ - ১২:৪৩ অপরাহ্ন

শিরোনাম

সারাদেশ

মেঘনায় ট্রলারডুবি: তিন ভাই-বোনের লাশ উদ্ধার, বাবা নিখোঁজ

সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি।। নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে মেঘনা নদীতে ট্রলারডুবির ঘটনায় নিখোঁজ তিন ভাই-বোনের মরদেহ উদ্ধার করা হয়েছে। দুর্ঘটনার দুদিন পর শুক্রবার গভীর রাতে এবং শনিবার সকালে বৈদ্যারবাজার এলাকার মেঘনা নদী থেকে ফায়ার সার্ভিসের ডুবুরি দল ও নৌ-পুলিশ তাদের মরদেহ উদ্ধার করে। তবে এ ঘটনায় তাদের বাবা হেলাল উদ্দিন এখনো নিখোঁজ রয়েছেন।

উদ্ধার হওয়া তিন ভাই-বোন হলো— সজিব, সামিয়া এবং শিশু সামিন। নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের উপ-পরিচালক আব্দুল্লাহ আল আরেফিন মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন।

ফায়ার সার্ভিস জানায়, নিখোঁজ চারজনের মধ্যে একজনের মরদেহ শুক্রবার রাত ৩টায় এবং বাকি দুজনের মরদেহ শনিবার সকাল সাড়ে ৮টায় বৈদ্যারবাজার এলাকার আল মোস্তফা ফ্যাক্টরির সামনের নদী থেকে উদ্ধার করা হয়। নিখোঁজ বাবা হেলাল উদ্দিনের সন্ধানে নদীতে উদ্ধার অভিযান অব্যাহত রেখেছে ফায়ার সার্ভিস ও নৌ-পুলিশ।

এর আগে গত বৃহস্পতিবার কুমিল্লাসহ বিভিন্ন স্থান থেকে ১৪ জন যাত্রী নিয়ে একটি ট্রলার বৈদ্যেরবাজার ইউনিয়নে একটি বিয়ের দাওয়াতে অংশ নিতে রওনা হয়। দুপুর আনুমানিক ২টার দিকে ট্রলারটি সোনাময়ী এলাকায় পৌঁছালে হঠাৎ ঝড়ের কবলে পড়ে মেঘনা নদীতে ডুবে যায়।

ঘটনার পরপরই কাছাকাছি থাকা আমান কোম্পানির একটি ট্রলার দ্রুত এগিয়ে এসে নয়জনকে জীবিত উদ্ধার করে। এছাড়া ঘটনাস্থল থেকে রায়েসা বেগম (৪০) নামের এক নারীর মরদেহ উদ্ধার করা হয়েছিল। এ নিয়ে এই দুর্ঘটনায় নিহতের সংখ্যা দাঁড়িয়েছে চারজনে।

সম্পর্কিত