ঢাকা | জুলাই ১৫, ২০২৬ - ৬:২৫ অপরাহ্ন

শিরোনাম

উত্তরা-ইসিবি চত্বরে শিক্ষার্থীদের অবরোধ, তীব্র যানজট

  • আপডেট: Wednesday, July 15, 2026 - 3:33 pm

নিজস্ব প্রতিবেদক।। পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী বুধবার (১৫ জুলাই) পরীক্ষা শেষে উত্তরায় রাস্তা অবরোধ করে অবস্থান নিয়েছেন এইচএসসি পরীক্ষার্থীরা। একইসঙ্গে ক্যান্টনমেন্ট থানার ইসিবি চত্বর মোড়েও একই দাবিতে শিক্ষার্থীরা সড়ক বন্ধ করে বিক্ষোভ প্রদর্শন করছেন।

প্রথমে ১৫০ থেকে ২০০ জন শিক্ষার্থী একত্রিত হয়ে উত্তরা এলাকার মূল সড়ক অবরোধ করেন। সময় বাড়ার সঙ্গে সঙ্গে শিক্ষার্থীদের সংখ্যা আরও বৃদ্ধি পাচ্ছে।

অবস্থান কর্মসূচি থেকে শিক্ষার্থীরা কিছুক্ষণ পরপর বিভিন্ন স্লোগান দিচ্ছেন। তারা বর্তমান শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবি করছেন।
শিক্ষার্থীদের পক্ষ থেকে জানানো হয়েছে, তাদের উত্থাপিত ৮ দফা দাবি আদায় না হওয়া পর্যন্ত সারা বাংলাদেশে এই অবরোধ কর্মসূচি পালন করা হবে।

পূর্বনির্ধারিত ‘লংমার্চ’ কর্মসূচিতে তারা যোগ দেবেন কি না, সে বিষয়ে এখনও চূড়ান্ত কোনো সিদ্ধান্তে পৌঁছাতে পারেননি আন্দোলনরত শিক্ষার্থীরা। বর্তমানে তারা সেখানে সংগঠিত হচ্ছেন।

ক্যান্টনমেন্ট (ইসিবি চত্বর) এলাকার পরিস্থিতি

দুপুর ২টা ১০ মিনিটের দিকে ক্যান্টনমেন্ট থানার ইসিবি চত্বর মোড়ে শিক্ষার্থীরা অবস্থান নেন এবং রাস্তা অবরোধ করেন।

শুরুতে প্রায় ২০০ জন শিক্ষার্থী একসঙ্গে জড়ো হলেও, সময়ের সঙ্গে সঙ্গে এখানেও আন্দোলনকারী শিক্ষার্থীদের সংখ্যা ক্রমাগত বাড়ছে।

দুই এলাকাতেই শিক্ষার্থীদের এই আকস্মিক সড়ক অবরোধের কারণে আশপাশের রাস্তায় তীব্র যানজটের সৃষ্টি হয়েছে এবং যান চলাচল স্থবির হয়ে পড়েছে। শিক্ষার্থীরা তাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত অবস্থান কর্মসূচি চালিয়ে যাওয়ার ব্যাপারে অনড় রয়েছেন।