ঢাকা | জুন ২৪, ২০২৬ - ১০:১১ অপরাহ্ন

শিরোনাম

কাপ্তাইয়ে বন ও বন্যপ্রাণী আইনবিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত

  • আপডেট: Wednesday, June 24, 2026 - 7:36 pm

কাপ্তাই (রাঙামাটি) প্রতিনিধি:

 

রাঙামাটির কাপ্তাই বন উন্নয়ন ও প্রশিক্ষণ কেন্দ্রে ফরেস্ট রেঞ্জার, ডেপুটি রেঞ্জার ও ফরেস্টারদের অংশগ্রহণে বন ও বন্যপ্রাণী সংশ্লিষ্ট নীতি, আইন ও বিধানাবলী বিষয়ক দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

 

বুধবার (২৪ জুন) সকাল সাড়ে ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত আয়োজিত এ প্রশিক্ষণ কর্মশালায় সভাপতিত্ব করেন কাপ্তাই বন উন্নয়ন ও প্রশিক্ষণ কেন্দ্রের পরিচালক মোহাম্মদ হোসেন। কর্মশালাটি সঞ্চালনা করেন অফিস সহায়ক মো. ইকবাল হোসেন।

 

অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন বন উন্নয়ন ও প্রশিক্ষণ কেন্দ্রের সদর রেঞ্জার দীপন চাকমা। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙামাটি বন সংরক্ষক মোহাম্মদ আবদুল আউয়াল সরকার।

 

প্রধান অতিথির বক্তব্যে বন সংরক্ষক মোহাম্মদ আবদুল আউয়াল সরকার বলেন, বন ও বন্যপ্রাণী সংক্রান্ত নীতিমালা ও আইন সম্পর্কে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সুস্পষ্ট ধারণা থাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি জানান, ২০২৬ সালে বন ও বন্যপ্রাণী ব্যবস্থাপনা সংশ্লিষ্ট নতুন কিছু নীতি ও বিধান প্রণয়ন করা হয়েছে। এসব নীতিমালা ও আইন যথাযথভাবে জানা এবং বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করেন তিনি।

 

তিনি আরও বলেন, প্রশিক্ষণের মাধ্যমে কর্মকর্তাদের জ্ঞান ও দক্ষতা বৃদ্ধি পায় এবং পেশাগত সক্ষমতা উন্নয়নে প্রশিক্ষণের কোনো বিকল্প নেই।

 

প্রশিক্ষণের সমাপনী অধিবেশনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন চট্টগ্রাম বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের বিভাগীয় কর্মকর্তা আবু নাছের মোহাম্মদ ইয়াছিন নেওয়াজ। তিনি অংশগ্রহণকারী ফরেস্ট রেঞ্জার, ডেপুটি রেঞ্জার ও ফরেস্টারদের বন্যপ্রাণী সংরক্ষণ আইন সম্পর্কে আরও অধিকতর জ্ঞান অর্জনের আহ্বান জানান।

 

এসময় তিনি বন ও বন্যপ্রাণী সংক্রান্ত অপরাধ প্রতিরোধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ এবং মাঠপর্যায়ে প্রশিক্ষণলব্ধ জ্ঞান কার্যকরভাবে প্রয়োগের ওপর গুরুত্বারোপ করেন।

 

প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারী ২৫ জন ফরেস্ট রেঞ্জার, ডেপুটি রেঞ্জার ও ফরেস্টারের মাঝে সনদপত্র বিতরণ করা হয়।