ঈদগাঁও মাইজ পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত
ঈদগাঁও (কক্সবাজার) প্রতিনিধি:
কক্সবাজারের ঈদগাঁও উপজেলার জালালাবাদ ইউনিয়নের ঐতিহ্যবাহী মাইজ পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৪ জুন) দুপুরে বিদ্যালয়ের প্রধান শিক্ষকের কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন ঈদগাঁও উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ও বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি আবু নছর মোহাম্মদ হাচছান।
সভায় বিদ্যালয়ের নতুন ব্যবস্থাপনা কমিটির সভাপতি ও সহ-সভাপতি মনোনয়ন দেওয়া হয়। এতে সভাপতি হিসেবে মনোনীত হন মোহাম্মদ কামাল হোসেন এবং সহ-সভাপতি হিসেবে মনোনীত হন মুহাম্মদ আব্দুল আজিজ। নতুন সভাপতি জালালাবাদ ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের সদস্য এবং ঈদগাঁও উপজেলা যুবদলের আহ্বায়ক। অন্যদিকে সহ-সভাপতি বিদ্যালয়টির অবসরপ্রাপ্ত প্রবীণ শিক্ষক। সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোহাম্মদ ছৈয়দ নুর।
সভায় বক্তব্য রাখেন নবমনোনীত সভাপতি মোহাম্মদ কামাল হোসেন, সহ-সভাপতি মুহাম্মদ আব্দুল আজিজ, উচ্চ বিদ্যালয় প্রতিনিধি মো. রেজাউল করিম এবং সদস্য আব্দুল্লাহ, নুরুল আমিন ও লুৎফুন নাহার লুৎফা।
সভায় বিদ্যালয়ের শিক্ষার মানোন্নয়ন, শিক্ষার্থী ঝরে পড়া রোধ, নিয়মিত উপস্থিতি নিশ্চিতকরণ, মানসম্মত শিক্ষাদান এবং শিক্ষার্থী সংখ্যা বৃদ্ধির লক্ষ্যে বিভিন্ন সিদ্ধান্ত গৃহীত হয়। এছাড়া বিদ্যালয়ে নূরানী শাখা চালুর বিষয়ে দিকনির্দেশনা প্রদান করেন অ্যাডহক কমিটির সভাপতি। তিনি এলাকাবাসীর সহযোগিতায় এ কার্যক্রম বাস্তবায়নের আহ্বান জানান।
শিক্ষা কর্মকর্তা কর্মরত শিক্ষকদের নতুন উদ্যোগ গ্রহণের মাধ্যমে শিক্ষক ও অভিভাবকদের বিদ্যালয়মুখী করার পরামর্শ দেন।
ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোহাম্মদ ছৈয়দ নুরের সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন কমিটির সদস্য ইয়াছির আরাফাত মঞ্জু, আবছার কামাল, মোহাম্মদ ছলিম উল্লাহ, রুবি আক্তার ও মো. শাহজানসহ অন্যান্যরা।
নবমনোনীত সভাপতি মোহাম্মদ কামাল হোসেন বলেন, বিদ্যালয়ের অসম্পূর্ণ উন্নয়ন কাজ সম্পন্ন করতে স্থানীয় সংসদ সদস্য লুৎফুর রহমান কাজল এবং জালালাবাদ ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে প্রয়োজনীয় সহযোগিতা ও বরাদ্দ আনার চেষ্টা করা হবে।
সহ-সভাপতি মুহাম্মদ আব্দুল আজিজ বলেন, বিদ্যালয়ের হারানো ঐতিহ্য ও গৌরব ফিরিয়ে আনতে শিক্ষানুরাগী, শিক্ষক, চাকরিজীবী, ব্যবসায়ীসহ এলাকার সচেতন মানুষকে সম্মিলিতভাবে এগিয়ে আসতে হবে।











