ঢাকা | জুন ২৪, ২০২৬ - ১০:১১ অপরাহ্ন

শিরোনাম

বরকলের সীমান্তবর্তী দুর্গম পাহাড়ে ১২ বিজিবির ফ্রি চিকিৎসাসেবা ও ঔষধ বিতরণ

  • আপডেট: Wednesday, June 24, 2026 - 7:34 pm

বরকল প্রতিনিধি:

রাঙামাটি পার্বত্য জেলার বরকল উপজেলার সীমান্তবর্তী দুর্গম পাহাড়ি এলাকায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর উদ্যোগে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ঔষধ বিতরণ কার্যক্রম পরিচালিত হয়েছে। এতে চিকিৎসাসেবা গ্রহণ করেছেন ১২৯ জন পাহাড়ি রোগী।

ছোট হরিনা ব্যাটালিয়ন (১২ বিজিবি)-এর তত্ত্বাবধানে এবং সম্প্রীতি ও উন্নয়ন প্রকল্পের আওতায় বুধবার (২৪ জুন) বড় হরিনা এলাকার জিরার খামার বিজিবি ক্যাম্পে এ বিশেষ মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়।

ক্যাম্পে স্থানীয় দরিদ্র, অসহায় ও শিশুদের বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা এবং প্রয়োজনীয় ঔষধ প্রদান করা হয়। কার্যক্রমের নেতৃত্ব দেন মেডিকেল অফিসার ক্যাপ্টেন মো. আসিফুর রহমান। সকাল ৯টা ১০ মিনিট থেকে দুপুর ১টা ১০ মিনিট পর্যন্ত চিকিৎসাসেবা কার্যক্রম পরিচালিত হয়।

মেডিকেল ক্যাম্পে অংশগ্রহণকারী স্থানীয়রা জানান, দুর্গম পাহাড়ি এলাকায় এ ধরনের স্বাস্থ্যসেবা উদ্যোগ তাদের জন্য অত্যন্ত সহায়ক। তারা বলেন, নিয়মিত চিকিৎসাসেবা না পাওয়ায় এমন উদ্যোগ স্থানীয় জনগণের জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

উপস্থিতদের মধ্যে অনেকে বলেন, “দুর্গম এলাকায় এমন চিকিৎসাসেবা পাওয়া আমাদের জন্য আশার আলো। বিনামূল্যে চিকিৎসা ও ঔষধ পেয়ে আমরা উপকৃত হয়েছি।”

বিজিবি সূত্রে জানানো হয়, পার্বত্য অঞ্চলের মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়া এবং মানবিক সহায়তা কার্যক্রম জোরদার করার লক্ষ্যে ভবিষ্যতেও এ ধরনের মেডিকেল ক্যাম্প নিয়মিতভাবে পরিচালনা করা হবে।

সংশ্লিষ্টরা মনে করছেন, এ ধরনের কার্যক্রম স্থানীয় জনগণের স্বাস্থ্যসেবা নিশ্চিত করার পাশাপাশি পার্বত্য অঞ্চলে সম্প্রীতি, মানবিক সহায়তা এবং সামাজিক আস্থা বৃদ্ধিতেও ইতিবাচক ভূমিকা রাখছে।