ঢাকা | জুন ২০, ২০২৬ - ৪:৩৪ অপরাহ্ন

শিরোনাম

পদপিষ্ট হয়ে নারীর মৃত্যু: আল্লু অর্জুনকে আদালত হাজিরের নির্দেশ 

  • আপডেট: Saturday, June 20, 2026 - 2:51 pm

বিনোদন ডেস্ক।। ভারতের হায়দরাবাদের নামপল্লি আদালত দক্ষিণ ভারতের জনপ্রিয় অভিনেতা আল্লু অর্জুনকে সশরীরে হাজির হওয়ার নোটিশ দিয়েছেন। ‘সন্ধ্যা থিয়েটার পদদলন’ মামলায় আগামী সোমবার (২২ জুন) তাকে আদালতে হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

আল্লু অর্জুনের আইনজীবীরা জানিয়েছেন, আদালতের নির্দেশ অনুযায়ী অভিনেতাকে ২২ জুন শুনানিতে উপস্থিত থাকতে হবে। তবে মামলার বিষয়ে বিস্তারিত মন্তব্য করতে তাঁরা আপাতত রাজি হননি।

২০২৪ সালে ৪ ডিসেম্বর হায়দরাবাদের সন্ধ্যা থিয়েটারে তার অভিনীত ‘পুষ্পা টু: দ্য রুল’ সিনেমার প্রিমিয়ার শো চলাকালে পদদলিত হয়ে রেবতী নামের এক নারী নিহত হন এবং গুরুতর আহত হন তাঁর ছেলে শ্রীতেজ। তিনি এখনো দীর্ঘমেয়াদি চিকিৎসা ও পুনর্বাসনের মধ্য দিয়ে যাচ্ছেন।

এদিকে দুর্ঘটনার পর আহত শ্রীতেজের পরিবারের পাশে থাকার চেষ্টা করছেন আল্লু অর্জুনের পরিবারের সদস্যরা।

এর আগে, ওই দুর্ঘটনার তদন্ত প্রতিবেদন হায়দরাবাদের এক আদালতে জমা দিয়েছে পুলিশ। তদন্তকারীদের দাবি, অভিনেতা আল্লু অর্জুনের আগমন সম্পর্কে আগে থেকেই জানার পরও সন্ধ্যা থিয়েটার কর্তৃপক্ষ দর্শকদের নিয়ন্ত্রণে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেনি।

জমা পড়া ওই চার্জশিটে আল্লু অর্জুনের পাশাপাশি তার ব্যক্তিগত ব্যবস্থাপক, স্টাফ, আটজন বাউন্সার এবং প্রেক্ষাগৃহের মালিকসহ মোট ২০ জনকে অভিযুক্ত করা হয়েছে। এই চার্জশিটের ভিত্তিতেই আদালত তাদের সবাইকে তলব করেছে এবং আগামী সপ্তাহ থেকে এই মামলার আনুষ্ঠানিক বিচারপ্রক্রিয়া শুরু হতে যাচ্ছে।

এর আগে, ২০২৪ সালের ১৩ ডিসেম্বর এই ঘটনার প্রেক্ষিতে আল্লু অর্জুনকে গ্রেপ্তার করা হয়েছিল। যদিও সেদিনই তেলেঙ্গানা হাই কোর্ট তার জামিন মঞ্জুর করেন। তবে আইনি প্রক্রিয়ার কারণে তাকে এক রাত পুলিশ হেফাজতে কাটাতে হয়েছিল।