ঢাকা | জুন ১১, ২০২৬ - ৯:০৩ অপরাহ্ন

শিরোনাম

বাজেটে যেসব পণ্যের দাম বাড়ল-কমল

  • আপডেট: Thursday, June 11, 2026 - 6:51 pm

ডেস্ক রিপোর্ট।। অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের বাজেট প্রস্তাব উপস্থাপন করছেন। আজ বৃহস্পতিবার বেলা ৩টার দিকে বাজেট প্রস্তাব পেশ করা শুরু করেন তিনি। কিছু কিছু পণ্য ও সেবার ওপর শুল্ককর বাড়ানোর প্রস্তাব করা হয়েছে। অন্যদিকে কিছু কিছু পণ্য ও সেবার ওপর শুল্ককর কমানোর প্রস্তাব করা হয়েছে। এতে কিছু পণ্যের দাম বেড়ে যেতে পারে আবার কিছু পণ্যের দাম কমতে পারে। বাজেটের শুল্ককর প্রস্তাব ঘোষণার সঙ্গে সঙ্গেই কার্যকর হয়ে যায়।

যেসব পণ্যের দাম বাড়ল
সিগারেট
সিগারেটের ন্যূনতম খুচরা মূল্য নিম্নস্তরের ক্ষেত্রে প্রতি ১০ শলাকা ৬২ টাকা, মধ্যম স্তর ৯২ টাকা, উচ্চ স্তর ১৬০ টাকা এবং অতি উচ্চ স্তর ২১০ টাকা নির্ধারণের প্রস্তাব দিয়েছেন অর্থমন্ত্রী। এতে সিগারেটের দাম বাড়বে। নিকোটিন গ্র্যানুলস ও নিকোটিন পাউচকে জনস্বাস্থ্যের জন্য অত্যন্ত ক্ষতিকর উল্লেখ করে অর্থমন্ত্রী এর ওপর ৩৫০ শতাংশ সম্পূরক শুল্ক আরোপের প্রস্তাব করছেন।
মদ
প্রস্তাবিত বাজেটে রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান কেরু অ্যান্ড কোম্পানির উৎপাদিত মদের ওপর নতুন করে মূল্য সংযোজন কর (মূসক) বা ভ্যাট আরোপের প্রস্তাব দিয়েছে সরকার। নতুন এই সিদ্ধান্ত কার্যকর হলে কেরুর উৎপাদিত দেশি ও বিদেশি। উভয় ব্র্যান্ডের মদের দাম প্রতি লিটারে ৫০০ টাকা কর বসবে।
তেলচালিত গাড়ি
পরিবেশের জন্য ক্ষতিকর ডিজেল, অকটেন বা পেট্রলচালিত গাড়ি ব্যবহারের প্রবণতা কমিয়ে আনতে মধ্যম সারির ১ হাজার ২০০ থেকে ১ হাজার ৬০০ সিসির (ইঞ্জিনক্ষমতা) ইন্টারনাল কম্বাশন ইঞ্জিনবিশিষ্ট আমদানি করা গাড়ির ওপর করভার ১৩২ দশমিক ৩৬ শতাংশ থেকে বাড়িয়ে প্রায় ১৫৬ শতাংশ নির্ধারণের প্রস্তাব করা হয়েছে। ফলে এসব গাড়ির দাম বাড়বে।
বিদেশি কাজুবাদাম
দেশীয় চাষ ও উৎপাদনকে উৎসাহিত করার জন্য অপ্রক্রিয়াজাত ও প্রক্রিয়াজাত কাজুবাদামের আমদানি শুল্ক যথাক্রমে ১ শতাংশ ও ৫ শতাংশ থেকে বাড়িয়ে ২৫ শতাংশ করা হয়েছে। তবে দেশে উৎপাদকদের জন্য অপ্রক্রিয়াজাত কাজুবাদাম আমদানি শুল্ক ১৫ শতাংশ করা হয়েছে। সব মিলিয়ে বিদেশি কাজুবাদামের দাম বাড়বে।

বিদেশি পাঙাশের ফিলে
দেশীয় মৎস্য প্রক্রিয়াকরণশিল্পকে সুরক্ষা দিতে আমদানি করা পাঙাশ মাছের ফিলের ওপর ২০ শতাংশ সম্পূরক শুল্ক আরোপ হয়েছে।
বিদেশি গ্যাস সিলিন্ডার
কম্পোজিট এলপিজি (তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস) সিলিন্ডার আমদানিতে আমদানি পর্যায়ে মূল্য সংযোজন কর (মূসক/ভ্যাট) আরোপ করা হয়েছে। এতে এর দাম বাড়বে।
বিদেশি সাইকেল
স্থানীয় শিল্পের সুরক্ষায় সাইকেলের যন্ত্রাংশ ফ্রি হুইল আমদানিতে শুল্ক ১৫ শতাংশ থেকে বাড়িয়ে ২৫ শতাংশ এবং নতুন করে ৫ শতাংশ রেগুলেটরি শুল্ক আরোপের প্রস্তাব করা হয়েছে।
পেট্রোল, অকটেন ও ডিজেলচালিত গাড়ি
পরিবেশ দূষণ কমাতে মধ্যম সারির ১২০০ থেকে ১৬০০ সিসি ক্ষমতার ইন্টারনাল কম্বাশন ইঞ্জিনচালিত গাড়ির মোট করভার ১৩২.৩৬ শতাংশ থেকে বাড়িয়ে ১৫৫.৮৮ শতাংশ করার প্রস্তাব করা হয়েছে। ফলে এসব গাড়ির দাম বাড়তে পারে।
ওয়াশিং মেশিন
স্থানীয় শিল্পকে সুরক্ষা দিতে সব ধরনের হাউজহোল্ড ওয়াশিং মেশিন আমদানিতে নতুন করে ২০ শতাংশ সম্পূরক শুল্ক আরোপের প্রস্তাব করা হয়েছে।
অন্যান্য
শুল্ককর ও শুল্কায়ন মূল্য বাড়ানোর কারণে বিদেশি টাইলস, স্যানিটারিওয়্যার ও বেসিন, বিদেশি ফোম, বিদেশি মাইক্রোওয়েভ ওভেন, সাইকেল ও যন্ত্রাংশ, খেলনা, বিদেশি মধু, বিদেশি সুপারি, বিদেশি খাদ্য, বিদেশি লিপ লাইনার ও জেল, রড, জিপসাম বোর্ড ও জিপসাম শিট, নিকোটিন পাউচ ও হিটেড টোব্যাকো, ট্রান্সফরমার শিল্প সুরক্ষায়, বিদেশি কপার টিউব ও কপারের তার, কোল্ড-রোল্ড কয়েল ও শিট, প্লাস্টিক ও প্যাকেজিং শিল্প, গ্রিজপ্রুফ পেপার ও গ্লাসিন পেপার, বিদেশি মোটর, ভুট্টা জাতীয় পণ্য, পলিয়েস্টার স্ট্যাপল ফাইবার ইত্যাদির দাম বাড়তে পারে।
যেসব পণ্যের দাম কমল
শিশুখাদ্য, সার, কীটনাশক, পোল্ট্রি, ডেইরি ও মৎস্য খাদ্য, খেজুর ও মসলা, পোল্ট্রি যন্ত্রপাতি, কিডনি ডায়ালাইসিস ফিল্টার, ব্লাড টিউবিং সেট, হার্টের রিং, চোখের ইন্ট্রাওকুলার লেন্স, মৃতদেহ সংরক্ষণের খরচ, ক্যান্সারের ওষুধ, ওষুধের কাঁচামাল, ওষুধ, ল্যাপটপ, ডেস্কটপ কম্পিউটার ও প্রিন্টার, কম্পিউটারের এসএসডি, সার্ভার, পস মেশিন,

ইলেকট্রিক গাড়ি, প্লাগ-ইন হাইব্রিড গাড়ি, ইভি চার্জার ও চার্জিং স্টেশন, গিটার, পিয়ানো, ভায়োলিনসহ বিভিন্ন বাদ্যযন্ত্র, বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তিদের জন্য সুবিধা, মোবাইল সিম, স্বর্ণালঙ্কার,

দেশীয়ভাবে তৈরি মোবাইল সেট, লিপস্টিক, মুখ ও ত্বকের ক্রিম, ফেসওয়াশ, বৈদ্যুতিক বাস ও ট্রাকের চেসিস, বৈদ্যুতিক ব্যাটারিচালিত তিন চাকার যান, সৌর প্যানেল ও যন্ত্রাংশ, কম্পোজিট কাগজ ও পেপারবোর্ড, স্যুয়ারেজ ট্রিটমেন্ট প্ল্যান্ট (এসটিপি) সরঞ্জাম, প্যাকেজিং উপকরণ, শিল্পের কাঁচামাল, বায়োলজিক্যাল সেফটি ক্যাবিনেট, লিথিয়াম-আয়ন ও সোডিয়াম-আয়ন ব্যাটারি, মর্গ সরঞ্জাম, রাইস ব্র্যান তেল, দেশীয়ভাবে সংযোজিত মোটরগাড়ি,টাগবোট, সিনেমাটোগ্রাফিক ক্যামেরা, ফ্লোট গ্লাস, রিফ্র্যাক্টরি সিমেন্ট এবং কার্পেটের উপকরণ।