ঢাকা | জুন ৭, ২০২৬ - ৯:১১ অপরাহ্ন

শিরোনাম

ওমানে সড়ক দুর্ঘটনায় মিরসরাইয়ের যুবক নিহত

  • আপডেট: Sunday, June 7, 2026 - 6:46 pm

মিরসরাই প্রতিনিধি।।

ছুটি নিয়ে দেশে আসার ৩ দিন আগে মধ্যপ্রাচ্যের দেশ ওমানে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন চট্টগ্রামের মিরসরাইয়ের শহীদুল ইসলাম প্রকাশ শহীদুল্লাহ (৪০) নামে এক যুবক।

শনিবার (৬ জুন) রাতে ওমানের বেরুমিতে রাস্তা পার হওয়ার সময় এ দুর্ঘটনা ঘটে।

নিহত শহীদুল ইসলাম মিরসরাই উপজেলার ইছাখালী ইউনিয়নের ৩নং ওয়ার্ডের জমাদারগ্রাম এলাকার আস্কর আলী বৈদ্দ্য বাড়ির মৃত মোহাম্মদ মেস্ত্রীর ৪র্থ ছেলে। বর্তমানে তার মরদেহ বেরুমি হাসপাতালের মর্গে রয়েছে।

নিহত শহীদুল ইসলামের স্বজনদের বরাত দিয়ে আবু শাহাদাত সায়েম বলেন, ‘পরিবারের সুখের আশায় দীর্ঘ ২০/২৫ বছর ধরে তিনি প্রবাসে কাজ করছেন। সেখানে এমব্রয়ডারির কাজ করতেন। আগামী বৃহস্পতিবার দেশে আসার কথা রয়েছে। ইতোমধ্যে বিমানের টিকিটসহ যাবতীয় সবকিছু সম্পন্ন করে ফেলেছেন। শনিবার রাতে ছেলে-মেয়ে, স্ত্রী ও আত্মীয়-স্বজনের বিভিন্ন জিনিসপত্র কিনে মার্কেট থেকে বাসায় ফেরার পথে সড়ক দুর্ঘটনায় মারা যান তিনি।’

সায়েম আরও বলেন, ‘দেশে আসবে, এই নিয়ে কত খুশি ছিল। বাড়িতে ছেলে-মেয়ে ও পরিবারের লোকজনও খুশি ছিল। সড়ক দুর্ঘটনায় সেই খুশি বিষাদে রূপ নিল। অল্প বয়সে তার ছেলেমেয়েরা এতিম হয়ে গেছে।’

মিরসরাই সমিতি ওমানের সাবেক সভাপতি মো. আবু নছর রিয়াদ বলেন, ‘লাশ দেশে নিয়ে যাওয়ার জন্য আমাদের সংগঠনের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতা করা হবে।’

বিষয়টি নিশ্চিত করেছেন ইছাখালী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান নুরুল আবছার।