ঈদ উপলক্ষে বেসরকারি প্রতিষ্ঠানের শিক্ষকদের পাশে ১২ বিজিবি
বরকল (রাঙামাটি) প্রতিনিধি।।
বরকলে ছোটহরিণা ব্যাটালিয়ন (১২ বিজিবি) আর্থিক সহায়তা প্রদান করেছে। আজ ২৫ মে সোমবার ২০২৬ তারিখ ছোটহরিণা ব্যাটালিয়ন সদরে এলাকার সম্প্রীতি ও উন্নয়ন প্রকল্পের আওতায় বরকলের ১২ বিজিবি জোনের আওতাধীন ৩টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকদের মাঝে ৪১ হাজার টাকা আর্থিক সহায়তা ও অনুদান প্রদান করা হয়।
সোমবার সকাল ৯টায় ব্যাটালিয়ন সদরের টটিনী পোস্টের সামনে ভূষণছড়া আইডিয়াল কলেজ, ভূষণছড়া বহুমুখী উচ্চ বিদ্যালয় ও ভূষণছড়া আদর্শ উচ্চ বিদ্যালয়সহ স্ব স্ব শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ উপস্থিত থেকে জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল ইমরুল কায়েস মেহেদীর নিকট হতে অর্থ গ্রহণ করেন। এছাড়া ভূষণছড়া আইডিয়াল কলেজে একটি সাউন্ড সিস্টেমও দেওয়া হয়। ১২ বিজিবির জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল ইমরুল কায়েস মেহেদী প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসব সহায়তা তুলে দেন এবং তাদের খোঁজখবর নেন।
এসময় তিনি বলেন, সীমান্ত সুরক্ষার পাশাপাশি পার্বত্য চট্টগ্রামে শান্তি-সম্প্রীতি ও উন্নয়নের ধারাবাহিকতায় এ অঞ্চলের মানুষের জীবনমান উন্নয়নে বিজিবি কাজ করে যাচ্ছে। ছোটহরিণার মতো এমন দুর্গম পার্বত্য এলাকায় ছোটহরিণা বিজিবি জোন নিয়মিতভাবে এলাকার সুবিধাবঞ্চিত লোকদের সহায়তায় হাত বাড়িয়ে দিচ্ছে। ভবিষ্যতেও বিজিবির পক্ষ থেকে এমন মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
সীমান্তবর্তী দুর্গম অঞ্চলের সুবিধাবঞ্চিতরা বিজিবির এমন উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন।










